অ্যান্ড্রয়েডের পর এবার আইফোনে পাসকি সুবিধা আনছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফিচারটি আইওএস ব্যবহারকারীদের অ্যাকাউন্ট যাচাই করা সহজ ও নিরাপদ করবে বলে জানিয়েছে প্রযুক্তি কোম্পানিটি। খবর ইন্ডিয়া টুডে।
পাসকি মূলত একটি টু-ফ্যাক্টর অথেনটিকেশন প্রসেস। এর জন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে হয় না। পাসকির মাধ্যমে খুব সহজে দ্রুত ও নিরাপদে লগইন করা যায়। ব্যবহারকারীরা এর মাধ্যমে প্রতিটি অ্যাকাউন্ট ও প্লাটফর্মের পাসওয়ার্ড দেয়ার পরিবর্তে একটি ভেরিফায়েড (যাচাইকৃত) ডিভাইস দিয়ে লগইন করতে পারবে।
ভেরিফিকেশন বা যাচাইয়ের ক্ষেত্রে ফেসিয়াল রিকগনিশন (মুখমণ্ডল চিহ্নিত করা), বায়োমেট্রিক (আঙুলের ছাপ) কিংবা অ্যাপলের পাসকি ম্যানেজারে সংরক্ষিত একটি পিন কোড ব্যবহার করা যাবে। এ অপশনগুলো ব্যবহারকারীদের শুধু সুবিধাই দেয় না, অননুমোদিত অ্যাকসেসের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে থাকে। নতুন ফিচারটি চালু করার মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা পাসওয়ার্ড বা টু ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতির প্রয়োজন ছাড়াই তাদের হোয়াটসঅ্যাপে পুনরায় লগইন করতে পারবেন। এছাড়া ইন্টারনেট কানেকশন ছাড়াও পাসকি পদ্ধতি ব্যবহার করে লগইন করা যাবে।










