চ্যাটজিপিটির জন্য নতুন আপডেট নিয়ে এসেছে ওপেন এআই। এখন ব্যবহারকারীরা সহজেই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আরো উন্নত ছবি, চার্ট তৈরি ও এডিটিং করতে পারবেন। খবর টেকটাইমস।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটি চলতি সপ্তাহে একটি লাইভস্ট্রিম ইভেন্টে দেখিয়েছে, কীভাবে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা চ্যাটবটের সঙ্গে ধারাবাহিক কথোপকথনের মাধ্যমে ছবিগুলোকে পরিমার্জন করতে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ কেউ যদি শহরের মধ্যে একটি শামুকের ছবি চান তবে চ্যাটজিপিটি তা তৈরি করে দেবে। পরবর্তী সময় ব্যবহারকারী যদি ব্যাকড্রপের অংশ পরিবর্তন করে চান, তবে চ্যাটজিপিটি তার নির্দেশনা অনুযায়ী ছবিটি সম্পাদনা করে দেবে।
কোম্পানির মতে, চ্যাটজিপিটি এখন আরো ভালোভাবে সংগতিপূর্ণ টেক্সটসহ ছবি তৈরি করতে পারবে। এছাড়া পেশাদার ব্যবহারের জন্য আরো দক্ষতার সঙ্গে ডায়াগ্রাম, ইনফোগ্র্যাফিক ও লোগো তৈরি করবে। এটি ব্যবহারকারীর জটিল নির্দেশনাও পালন করতে পারবে বলে দাবি করছে ওপেন এআই।
প্রতিবেদনে বলা হয়েছে, আপডেটের ফলে চ্যাটজিপিটি এখন আরো উন্নত অ্যাপে পরিণত হচ্ছে। সময়ের সঙ্গে এতে সার্চ ইঞ্জিন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ভিডিও জেনারেটরের মতো ফিচার যুক্ত হয়েছে। নতুন ইমেজ ফিচারগুলো ব্যক্তিগত ও পেশাদার উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের জন্য উপযোগী হতে পারে। বর্তমানে ইলোন মাস্কের এক্সএআইয়ের মতো অন্য কোম্পানিগুলো চ্যাটবট ও ইমেজ জেনারেশন প্রযুক্তির বিকাশে কাজ করছে। তবে অন্যান্য এআইয়ের মতো চ্যাটজিপিটিও ভুল তথ্য দিতে পারে বলে জানিয়েছে প্যারেন্ট কোম্পানি ওপেন এআই। এক ব্লক পোস্টে এআই প্রতিষ্ঠানটি জানিয়েছে, কম বিস্তারিত প্রম্পটের ক্ষেত্রে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা বেশি।
আপডেটের পর ছবি তৈরি করতে চ্যাটজিপিটির ১ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। লাইভস্ট্রিমের সময় ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, ছবিগুলো আরো বিস্তারিত হওয়ায় এটি আরো বেশি সময় নেয়।










