আট বছর পর নতুন সুইচ টু গেমিং কনসোল বাজারে এনে রেকর্ড গড়েছে জাপানি গেম নির্মাতা নিনতেন্দো। উন্মোচনের চারদিনের মাথায় বিক্রি হয়েছে ৩৫ লাখেরও বেশি ইউনিট। ফলে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট, গেমস্টপ, টার্গেট ও বেস্ট বাইয়ের মতো বড় বড় অনলাইন রিটেইলার ওয়েবসাইটে ‘স্টক আউট’ সাইন ঝোলাতে হয়েছে। খবর সিএনবিসি।

কোম্পানির তথ্যানুযায়ী, ২০২৬ অর্থবছরে দেড় কোটি ইউনিট সুইচ টু বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নিনতেন্দো। বিশ্লেষকরা বলছেন, এ লক্ষ্যমাত্রা উচ্চাশা নয়। কানতান গেমসের প্রধান নির্বাহী সারকান টোটো জানান, বাজার যেমনটা আশা করেছিল নিনতেন্দো ঠিক সেটাই দিয়েছে। প্রথম ১২ মাসেই বিক্রি ২ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে বলে অভিমত তার।

প্রতিবেদন অনুযায়ী, নিনতেন্দোর নতুন কনসোল সুইচ টু ৫ জুন মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। মধ্যরাতে লঞ্চ ইভেন্টে অংশ নিতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম কনসোল সুইচ আসার পর থেকে কোম্পানির শেয়ারদর পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে।

রেকর্ড বিক্রির সঙ্গে মজুদ সংকটও দেখা দিয়েছে। ওয়ালমার্ট, গেমস্টপ, টার্গেট ও বেস্ট বাইয়ের—অনলাইন স্টোরগুলোয় কনসোলটি স্টক আউট দেখাচ্ছে।

সুইচ টু-এর দাম ৪৪৯ ডলার, নিনতেন্দোর ইতিহাসে এটি সবচেয়ে দামি কনসোল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে প্রি-অর্ডার কিছুটা পিছিয়ে গেছে। নিনতেন্দো জানিয়েছে, শুল্কের সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্লেষক ডেভিড গিবসনের মতে, যদি ট্রাম্পের ট্যারিফ শিথিল হয় তবে সুইচ টুয়ের দাম যুক্তরাষ্ট্রে কমে আসতে পারে।

সুইচ টু আগের মডেলের চেয়ে বড় স্ক্রিন, উন্নত পারফরম্যান্স ও নতুন গেমচ্যাট ফিচার এনেছে। এর মাধ্যমে গেমাররা ভয়েস বা ভিডিও চ্যাট করতে পারেন, স্ক্রিন শেয়ার করেও খেলা উপভোগ করতে পারেন।

বিশ্লেষকদের মতে, নিনতেন্দো অ্যাপলের আইফোনের মতো কয়েকটি সংস্করণ বাজারে আনার কথা চিন্তা করছে।