চ্যাটজিপিটি ব্যবহারের সময়ও দেখতে হবে বিজ্ঞাপন। শুরুতে সীমিত সংখ্যক ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখানো হলেও ধারণা করা হচ্ছে, দ্রুতই আরো বড় পরিসরে নতুন এ ফিচার চালু করতে পারে ওপেনএআই। অভ্যন্তরীণ কোড ও কিছু ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশট থেকে বিষয়টি সামনে এসেছে। খবর ইন্ডিয়া টুডে।
বিভিন্ন প্রতিবেদন ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে জানা যায়, অনেক দিন ধরেই চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন সংযুক্ত করার কাজ চলছিল। প্রতিষ্ঠানটি কয়েক মাস ধরেই এ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী হিসেবে ফিদজি সিমো দায়িত্ব নেয়ার পর গত আগস্টে বিজ্ঞাপননির্ভর আয়ের কৌশল নিয়ে আলোচনা বেড়েছে। এর আগে তিনি ফেসবুক অ্যাপ পরিচালনার দায়িত্বে ছিলেন। ফিদজি সিমো বিজ্ঞাপননির্ভর আয়ের মডেলকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণে বিজ্ঞাপন সংশ্লিষ্ট কোডের উপস্থিতি শংনাক্ত হয়েছে। এআইপিআরএমের লিড ইঞ্জিনিয়ার টিবর ব্লাহো চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণে (সংস্করণ ১.২০২৫.৩২৯) কোডের ভেতর ‘অ্যাডস ডট ফিচার’ সংক্রান্ত একাধিক স্ট্রিং শনাক্ত করেন। সেখানে ‘অ্যাড টার্গেট’, ‘বাজার কনটেন্ট’, ‘সার্চ অ্যাড’ এবং ‘সার্চ অ্যাডস ক্যারোসেল’-এর মতো কিছু টার্ম দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, চ্যাটজিপিটিতে লক্ষ্যভিত্তিক ও অনুসন্ধানভিত্তিক বিজ্ঞাপন দেখানো হবে। তবে কোডের উপস্থিতি থেকে বিজ্ঞাপন চালুর পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে আরেক ব্যবহারকারী সরাসরি একটি ব্যানার বিজ্ঞাপন দেখেছেন। সেখানে একটি ফিটনেস ক্লাসের বিজ্ঞাপন দেখা যায়। তিনি জানান, বিজ্ঞাপনটি তার কথোপকথনের বিষয়বস্তুর সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।
এতে ধারণা পাওয়া যায়, লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন এখনো চালু হয়নি। লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন চালু হলে তা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
ওপেনএআই এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কীভাবে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। বিশ্লেষকদের ধারণা, প্রিমিয়াম ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখবেন না। চ্যাটজিপিটি প্লাস, প্রোসহ অন্যান্য উচ্চমূল্যের প্যাকেজ ব্যবহারকারীদের এসব বিজ্ঞাপন এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। তবে ফ্রি ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন দেখা নতুন নিয়ম হয়ে যেতে পারে।










