এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং কর্মীদের সব ধরনের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘কাজ হারানোর ভয়ের বদলে এআইকে কাজে লাগালে সুযোগই আরো বাড়বে।’ খবর ইন্ডিয়া টুডে।

এনভিডিয়ার সব বিভাগে এখন এআই ব্যবহার বাধ্যতামূলক হয়ে উঠছে। কোড লেখা থেকে শুরু করে পণ্য উন্নয়ন পর্যন্ত সব ক্ষেত্রেই এআই যুক্ত করার কথা জানিয়েছেন হুয়াং।

এক বৈঠকে হুয়াং জানান, কিছু কর্মকর্তা নিজেদের দলের কর্মীদের এআই ব্যবহার কমাতে বলেছেন। এটি তাকে বিস্মিত করেছে। তিনি বলেন, ‘কাজগুলো যতটা সম্ভব স্বয়ংক্রিয় করা উচিত। এতে শুধু সংস্থার সুবিধা নয়, কর্মীরাও সুবিধা পাবেন। যেমন সহজ কাজ কমবে, সময় বাঁচবে এবং চাপ কমবে।’

হুয়াং আরো বলেন, ‘‌এআই কোনো চাকরিই পুরোপুরি বাদ দেবে না। তবে কাজের ধরন বদলে দেবে। বরং এআই ব্যবহার না করলে পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে।’

তিনি জানান, অটোমেশনের সঙ্গে এনভিডিয়ায় কর্মসংস্থানও বাড়ছে। ভবিষ্যতের উন্নতি ও চিপ শিল্পে আধিপত্য ধরে রাখতে এআইই হবে প্রধান শক্তি। কর্মীদের প্রতি তার বার্তা হলো এআই ব্যবহার করলে এগিয়ে থাকা যাবে, আর উপেক্ষা করলে পিছিয়ে পড়তে হবে।