বেশ কিছুদিন আগে টিজার প্রকাশের পর গত বুধবার বাজেট-ফ্রেন্ডলি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিও৭ উন্মোচন করেছে রিয়েলমি। এটি চীনা কোম্পানিটির নতুন নিও সিরিজের প্রথম স্মার্টফোন। খবর গিজচায়না।

কোম্পানিটি বলছে, রিয়েলমি নিও৭ উচ্চমানের ফিচারসমৃদ্ধ হলেও এর মূল্য আকর্ষণীয়ভাবে সাশ্রয়ী। ফোনটিতে রয়েছে বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা।

স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে রিয়েলমি জানিয়েছে, নিও৭-এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বিশাল ৭ হাজার এমএএইচ ব্যাটারি। এছাড়া ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ফ্ল্যাগশিপ ফোনের মতো পারফরম্যান্স দিতে সক্ষম। এ শক্তিশালী প্রসেসরে শুধু প্রাইম ও বিগ কোর (কর্টেক্স-এক্স ৪ ও কর্টেক্স-এ৭২০) ব্যবহার করা হয়েছে। ফোনটিতে দুটি স্টোরেজ অপশন থাকবে, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ। ফোনটির ডিসপ্লেতে আছে ৬.৭৮ ইঞ্চির আটটি (8T) এলটিপিও ওলেড প্রযুক্তি, যা ফুল এইচডি প্লাস রেজল্যুশন ও ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়া ডিভাইসটির একটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও পাঞ্চ-হোল কাটআউটের ভেতর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারির বিষয়ে কোম্পানিটি বলছে, সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহার করে রিয়েলমি বড় ব্যাটারি দিলেও ফোনটির আকার সাধারণ স্মার্টফোনের মতোই দেখাবে। রিয়েলমি নিও৭-এর ক্যামেরা সেটআপও বেশ শক্তিশালী বলে দাবি কোম্পানির। এতে রয়েছে ২৬এমএম লেন্স ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা।

নতুন স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাবে; সাদা, নীল ও কালো। চীনে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের দাম শুরু ২ হাজার ১৯৯ ইউয়ান (৩৬ হাজার টাকার বেশি) থেকে।