চলতি বছরের জুলাইয়ে যোগ দেয়ার মাত্র তিন মাসের মাথায় এক্সএআই ছেড়ে দেন লিবারাটোর। ওপেনএআইতে তিনি কোম্পানির সিএফও সারাহ ফ্রাইয়ার অধীনে কাজ করবেন এবং একই সঙ্গে গ্রেগ ব্রকম্যানের টিমেও যুক্ত থাকবেন। এই টিম ওপেনএআইয়ের কম্পিউটিং সুবিধা বাড়ানো ও অবকাঠামো বিস্তারে কাজ করে। সিএনবিসি জানায়, মঙ্গলবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব শুরু করেছেন।
এর আগে মাইক লিবারাটোর এয়ারবিএনবিতে কাজ করেছেন এবং এক্সএআইয়ের বড় ধরনের তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি বছরের জুনে তিনি এক্সএআইকে ৫০০ কোটি ডলারের ঋণ ও আরো ৫০০ কোটি ডলারের কৌশলগত বিনিয়োগ সংগ্রহে সহায়তা করেন। বড় অঙ্কের আর্থিক তহবিল ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা এ খাতে নজর কাড়ে।
বিশ্লেষকদের মতে, এই নিয়োগ এআই শিল্পে বাড়তে থাকা প্রতিযোগিতার প্রতিফলন। গুগল, ওপেনএআই, এক্সএআইসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন শীর্ষস্থানীয় এআই বিশেষজ্ঞ ও দক্ষ নেতৃত্ব নিয়োগে প্রতিযোগিতায় নেমেছে। ওপেনএআইয়ের এই নিয়োগ তাদের আর্থিক কাঠামো শক্তিশালী করার এবং বড় পরিসরে এআই অবকাঠামো গড়ে তোলার ইঙ্গিত দেয়।
মাস্ক ২০১৫ সালে ওপেনএআই সহপ্রতিষ্ঠা করেন। পরে তিনি কোম্পানির বিরুদ্ধে মামলা করেন, অভিযোগ করেন যে প্রতিষ্ঠানটি মানবকল্যাণে কাজ করার মূল উদ্দেশ্য থেকে সরে এসেছে। গত এপ্রিলে ওপেনএআই মাস্কের বিরুদ্ধে হয়রানি ও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলে পাল্টা মামলা করে।
এই বিরোধের মাঝেও ওপেনএআই টেক দুনিয়ার অভিজ্ঞ ব্যক্তিদের টানতে সক্ষম হয়েছে। মাইক লিবারাটোর নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের আর্থিক কৌশলকে আরো শক্তিশালী করবে এবং উন্নতমানের কম্পিউটিং সুবিধা নিশ্চিত করতে পারবে বলে আশা করা হচ্ছে।










