বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়ছে এআইয়ের ব্যবহার। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা ৭০০ মিলিয়ন বা ৭০ কোটিতে পৌঁছেছে। মার্চে এ সংখ্যা ছিল ৫০ কোটি। আর গত বছরের তুলনায় ব্যবহারকারী বেড়ে হয়েছে চার গুণের বেশি। খবর সিএনবিসি।

চ্যাটজিপিটির ফ্রি, প্লাস, প্রো, এন্টারপ্রাইজ, টিম ও এডু—সব ধরনের সংস্করণ মিলিয়ে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। ওপেনএআই আরো জানায়, প্রতিদিন চ্যাটজিপিটির মাধ্যমে পাঠানো বার্তার সংখ্যা ৩০০ কোটি ছাড়িয়ে গেছে।

প্রতিষ্ঠানটির প্রডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক টার্লে বলেন, ‘প্রতিদিন মানুষ ও প্রতিষ্ঠান নতুন কিছু শিখছে, তৈরি করছে, আরো জটিল সমস্যা সমাধানে চ্যাটজিপিটি ব্যবহার করছে।’

বাণিজ্যিক খাতে চ্যাটজিপিটির ব্যবহারও দ্রুত বাড়ছে। এখন প্রতিষ্ঠানটির পেইড বিজনেস ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখ, যা জুনে ছিল ৩০ লাখ। শিক্ষা ও করপোরেট খাতে এআই টুল ব্যবহারের প্রবণতা এর পেছনে বড় ভূমিকা রাখছে।

তবে এখনো গুগলের এআই সার্চ ফিচার ‘এআই ওভারভিউ’র চেয়ে পিছিয়ে আছে ওপেনএআই। গুগলের এ সার্চ ফিচার বর্তমানে প্রতি মাসে ২০০ কোটি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে বলে জানিয়েছেন অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এছাড়া গুগলের এআই চ্যাটবট ‘জেমিনি অ্যাপ’-এর মাসিক ব্যবহারকারী ৪৫ কোটির বেশি।

ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির খবর এমন এক সময়ে এসেছে, যখন ওপেনএআই সম্প্রতি ৮৩০ কোটি ডলার নতুন বিনিয়োগ পেয়েছে। ড্র্যাগোনিয়ার, অ্যান্ড্রিসেন হোরোইটজ, সিকোইয়া ক্যাপিটাল, কোটিউ ম্যানেজমেন্ট অ্যান্ড অল্টিমিটার ক্যাপিটালসহ শীর্ষ বিনিয়োগকারীরা এতে অংশ নিয়েছে। এটি সফটব্যাংকের নেতৃত্বাধীন ৪ হাজার কোটি ডলারের একটি বড় তহবিল সংগ্রহ অভিযানের অংশ, যা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে।

বর্তমানে ওপেনএআইয়ের বার্ষিক রাজস্ব আয় ১ হাজার ৩০০ কোটি ডলার। যেখানে জুনে প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্ব আয় ছিল ১ হাজার কোটি ডলার। বছরের শেষ নাগাদ এ রাজস্ব আয় ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গ্লোবাল এআই অবকাঠামো গড়ে তুলতে প্রতিষ্ঠানটির প্রয়োজন আরো বিপুল পরিমাণ পুঁজি। সফটব্যাংক, ওরাকল ও এমজিএক্সের সঙ্গে ‘স্টারগেট’ নামের একটি যৌথ উদ্যোগে তারা আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রে ওরাকলের সঙ্গে বার্ষিক ৩০ বিলিয়ন ডলারের ডাটা সেন্টার চুক্তি, কোরওয়িভের সঙ্গে পাঁচ বছরের ১ হাজার ১৯০ কোটি ডলারের চুক্তি এবং ইউরোপ ও আবুধাবিতে সম্প্রসারণ- সব মিলিয়ে ওপেনএআই এখন বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজের অবস্থানকে দিনে দিনে আরো শক্তিশালী করছে।