চলতি বছর বিশ্বব্যাপী পডকাস্ট শ্রোতার সংখ্যা বেড়েছে ৭ দশমিক ৮৫ শতাংশ। অনলাইন রিসোর্স ও ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজের নভেম্বরের হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে পডকাস্ট শোনেন বিশ্বের ৫৪ কোটি ৬৭ লাখ মানুষ। তবে ২০২৫ সালে এ প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ৮৪ শতাংশ হবে। আগামী বছর মোট পডকাস্ট শ্রোতার সংখ্যা ৫৮ কোটি ৪১ লাখে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বের মোট পডকাস্টের সংখ্যা প্রায় ৪৩ লাখ ৬০ হাজার। গত মে মাসে এ সংখ্যা ছিল প্রায় ৪১ লাখ ৮০ হাজার।

ডিমান্ডসেইজ বলছে, যদিও পডকাস্ট শ্রোতার সংখ্যা প্রতি বছর বাড়ছে, তবে বাজার বৃদ্ধির হার ধীরে ধীরে কমে যাচ্ছে। এ ধীরগতির কারণ হলো পডকাস্ট বাজারটি আরো স্থিতিশীল ও প্রতিষ্ঠিত হচ্ছে। পডকাস্টগুলো এখন আরো জনপ্রিয় ও বিস্তৃত হয়েছে, তাই নতুন শ্রোতা পাওয়ার হার আগের চেয়ে কমে গেছে।