বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) আয় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময় টিএসএমসি আয় করেছে ২ হাজার ৮৮ কোটি ডলার বা ৬৭ হাজার ৩৭১ বিলিয়ন নিউ তাইওয়ান ডলার, আগের বছর যা ছিল ৪৮ হাজার ৮৪ কোটি নিউ তাইওয়ান ডলার। তবে আয় বাড়া সত্ত্বেও নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। খবর টেকটাইমস।
সম্প্রতি কোম্পানিটির এক প্রতিবেদন থেকে জানা যায়, টিএসএমসির মোট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় মুনাফার পরিমাণ ৮০৭ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ১১০ কোটি ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে বেড়েছে এর পরিচালন আয়ও। বছরের দ্বিতীয় প্রান্তিকে পরিচালন আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৮৮ কোটি ডলারে পৌঁছেছে। পাশাপাশি কোম্পানিটির নিট আয় ৩৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৬৮ কোটি ডলারে উন্নীত হয়েছে। আগের বছর নিট আয় ছিল ৫৬৪ কোটি ডলার।
মুনাফায় থাকলেও এখন পণ্যের দাম বাড়ানো পরিকল্পনা করছে টিএসএমসি। কোম্পানির চেয়ারম্যান ও সিইও সি. সি. ওয়ে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের জানান, কোম্পানিটি শিগগিরই তাদের পণ্যের দাম বাড়ানোর চিন্তা করছে। তিনি জানান, টিএসএমসির ভবিষ্যৎ চিপগুলোর জটিল প্রক্রিয়া, বৈশ্বিক ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ, অন্যান্য খরচ ও সম্প্রতি তাইওয়ানে বিদ্যুতের দাম বাড়ায় এ পরিকল্পনা নেয়া হচ্ছে।
ফলে অ্যাপল, ইন্টেল ও এনভিডিয়াসহ আরো অনেক কোম্পানির ডিভাইসের দাম বেড়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন। এসব কোম্পানি টিএসএমসির সেমিকন্ডাক্টর ব্যবহার করে।
বিভিন্ন ডিভাইস ও প্লাটফর্মের সেমিকন্ডাক্টর ও প্রসেসর তৈরিতে প্রযুক্তিগত উন্নয়নে টিএসএমসি জনপ্রিয়। কোম্পানিটি অ্যাপলের স্মার্টফোন ও এসওসি ট্যাবলেটের এ-সিরিজ চিপসেট উৎপাদন করে থাকে। এর বাইরে কোম্পানিটি কুপারটিনোর সিলিকন এম-সিরিজও তৈরি করে।
সম্প্রতি তাইওয়ানে ব্যবসা পরিচালনার পাশাপাশি অন্যান্য দেশগুলোয় ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে টিএসএমসি। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রের আরিজোনায় একটি নতুন চিপ নির্মাণ প্লান্ট স্থাপন করতে যাচ্ছে তারা। কিছুদিন আগে মার্কিন সরকারের কাছ থেকে ৬৬০ কোটি ডলার সহায়তাও পেয়েছে কোম্পানিটি। এ অর্থ যুক্তরাষ্ট্রের চিপ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে ব্যয় করা হবে। এছাড়া টিএসএমসি ২০২৫ সালে ফিনিক্সে তিনটি ফ্যাব্রিকেশন প্লান্টে চার ন্যানোমিটার চিপসেট উৎপাদনের পরিকল্পনা করছে। সম্প্রতি অল্প সময়ের জন্য বাজার মূল্যের হিসেবে টিএসএমসি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর তালিকায় অষ্টম স্থানে উঠে আসে।










