ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নতুন একটি সার্চ ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। তবে ফিচারটি চালু করতে গুগলের সাহায্যের প্রয়োজন হতে পারে কোম্পানিটির। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ভার্জ।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এআই সার্চ ফিচারে গুগলের কাস্টম জেমিনি মডেল ব্যবহার করার কথা বিবেচনা করছে অ্যাপল। অ্যাপলে অভ্যন্তরীণভাবে ফিচারটি ‘ওয়ার্ল্ড নলেজ অ্যানসারস’ নামে পরিচিত। যা ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য খুঁজতে এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংক্ষিপ্ত সারাংশ পেতে সাহায্য করবে। বিশ্লেষকরা বলছেন, ফিচারটি টেক্সট, ছবি ও ভিডিওর মতো বিভিন্ন উপাদান যুক্ত করে ওপেনএআই ও পারপ্লেক্সিটির মতো প্রতিদ্বন্দ্বী এআই সার্চ ফিচারগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অ্যাপল ও গুগল এরইমধ্যে সিরির সংক্ষিপ্ত সারাংশ তৈরির জন্য গুগলের তৈরি একটি এআই মডেল পরীক্ষা করতে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে। যদিও অ্যাপল ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা অনুসন্ধানের জন্য নিজস্ব এআই মডেল ব্যবহার করার পরিকল্পনা করেছে, তবে সিরির 'প্ল্যানিং' ফাংশনের জন্য তারা অ্যানথ্রপিকের ক্লড ও গুগলের জেমিনি মডেল উভয়ই পরীক্ষা করে দেখছে।
নতুন ফিচারটি সিরিকে আরো উন্নত করতে অ্যাপলের বড় পরিকল্পনার একটি অংশ, যার মাধ্যমে সিরি ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা ও স্ক্রিনের বিষয়বস্তু বিশ্লেষণ করে কাজ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, নতুন আপডেটেড সিরি আগামী বছরের মার্চে আইওএস ২৬.৪ এর সঙ্গে চালু হতে পারে।










