ভিজুয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন এআই ফিচার ব্যবহারের জন্য অ্যাপল ওয়াচে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ কথা জানান। তার মতে, দুই বছরের মধ্যে ভিজুয়াল ইন্টেলিজেন্সের মতো এআই ফিচার পাওয়া যাবে অ্যাপল ওয়াচে। খবর দ্য ভার্জ।

মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, স্ট্যান্ডার্ড সিরিজের মডেলে ক্যামেরাগুলো ডিসপ্লের ভেতরে থাকবে। অন্যদিকে অ্যাপল ওয়াচ আল্ট্রায় এটি ডিজিটাল ক্রাউন ও বাটনের পাশে থাকবে। এ ফিচার ব্যবহার করে অ্যাপল ওয়াচ বাইরের বিশ্ব দেখতে পারবে এবং এআই ব্যবহার করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। পর্যায়ক্রমে এয়ারপডেও ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে মার্কিন টেক এ জায়ান্ট। নিজস্ব প্রযুক্তি কাজে লাগিয়ে ২০২৭ সালে ডিভাইসগুলো বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

​মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, অ্যাপল ওয়াচ ও অ্যাপল এয়ারপডে ক্যামেরা যোগ করার মাধ্যমে ডিভাইসগুলো ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচার ব্যবহার করতে সক্ষম হবে। আইফোন ১৬-তে এ প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল। ফিচারটি ফোনের ক্যামেরার সঙ্গে মিলে কাজ করে, যেমন ইভেন্ট ফ্লায়ারের বিস্তারিত ক্যালেন্ডারে যোগ করা বা রেস্টুরেন্টের তথ্য খোঁজা। শিগগিরই ঘড়ির মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবে ব্যবহারকারীরা। চলাফেরার ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঘড়িটি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে, যা ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরো সহজ ও সুবিধাজনক করে তুলবে বলে দাবি গুরম্যানের।

তিনি আরো বলেন, অ্যাপলের পরিধেয় ডিভাইসে ভিজুয়াল ইন্টেলিজেন্স ও অন্যান্য এআই ফিচার আসার বিষয়টি মাইক রকওয়েলের নেতৃত্বের ওপর অনেকাংশে নির্ভর করবে। এর আগে তিনি ভিশন প্রো প্রকল্পের নেতৃত্বে ছিলেন। বর্তমানে অ্যাপলের ওয়্যারেবল ডিভাইসগুলোয় এআই ফিচার উন্নয়নের দায়িত্বে রয়েছেন। এছাড়া সিরির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপগ্রেডের উন্নতিতে কাজ করছেন তিনি।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবনিউজওয়্যারের তথ্যানুযায়ী, ২০১৪ সালে প্রথম অ্যাপল ওয়াচ উন্মোচন করে পরিধানযোগ্য ডিভাইসের বাজারে প্রবেশ করে অ্যাপল। ওই সময় স্মার্টওয়াচ বাজারের প্রায় ৫০ শতাংশ হিস্যা ছিল পুরনো ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর। বিলম্বে প্রবেশ করার পরও দ্রুত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বাজারের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টটি।