টেক জায়ান্ট স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ‘গ্যালাক্সি এআই’। আপাতত এআই ফিচার গ্যালাক্সি এস ও জেড সিরিজের দামি স্মার্টফোনগুলোতেই পাওয়া যাচ্ছে। তবে মিড রেঞ্জের স্মার্টফোনেও গ্যালাক্সি এআই আনার কথা জানিয়েছে কোম্পানিটি। খবর গিজচায়না। 

স্যামমোবাইলের সূত্র বলছে, স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস ওয়ান ইউআই ৬.১.১ সংস্করণের হালনাগাদ সেপ্টেম্বরে আসবে। তখন গ্যালাক্সি এ৩৫ ফাইভজি ও গ্যালাক্সি এ৫৫ ফাইভজি ফোন দুটিতে গ্যালাক্সি এআই ব্যবহার করা যাবে। তবে ফ্ল্যাগশিপ ফোনগুলোয় যেসব ফিচার ব্যবহার করা যাচ্ছে তার সব ব্যবহার করা যাবে না। কারণ মিড রেঞ্জের ফোন হওয়ায় প্রসেসর সক্ষমতা কম। তবে ঠিক কী কী ফিচার ব্যবহার করা যাবে না তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে গ্যালাক্সি এআই অন্তর্ভুক্ত সবচেয়ে সাশ্রয়ী ফোন হলো গ্যালাক্সি এস২৩ এফই, যার মূল্য ৬০০ ডলারের কাছাকাছি (বাংলাদেশী টাকায় ৭০ হাজারের বেশি)। তবে গ্যালাক্সি এস২৩ এফই ফোনেও সব এআই ফিচার ব্যবহার করা যায় না। এআই ব্যবহার করে স্লো-মো বা ধীরগতির ভিডিও তৈরির অপশন নেই ফোনটিতে। এতে ধারণা করা যায় যে, মিড রেঞ্জের ফোনেও এটি থাকবে না। 

গ্যালাক্সি এআইয়ে স্মার্ট সার্চ, চ্যাট অ্যাসিস্ট্যান্ট, ফটো এডিটর, লাইভ ট্রান্সলেটরসহ বেশকিছু ফিচার ব্যবহারের সুযোগ থাকছে। 

স্যামমোবাইলের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ সিরিজের যে দুটি স্মার্টফোনের কথা বলা হয়েছে সেগুলোর মতো একই হার্ডওয়্যার থাকলেও পুরনো ফোনগুলোয় এআই ফিচার ব্যবহার করা যাবে না। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন গ্যালাক্সি এ৩৬ ও এ৫৬ ফোনে গ্যালাক্সি এআই ব্যবহার করা যাবে।

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন কোম্পানি এ প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছে। এআইয়ের বিস্তারের সঙ্গে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিও যুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর বৈশ্বিক স্মার্টফোন খাত আরো এগিয়ে যাবে এবং ডিভাইসগুলো আরো আধুনিক হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

এআই প্রসঙ্গে স্যামসাং মোবাইল এক্সপেরিয়েন্স বিভাগের প্রেসিডেন্ট টিএম রোহ বলেন, ‘আমরা প্রযুক্তি খাতকে নতুন রূপে সাজাব এবং সম্ভাবনার পথ বন্ধ না করে নতুন অধ্যায়ও শুরু হবে।’