রকস্টার গেমসের জনপ্রিয় সিরিজ গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্স নিয়ে গেমারদের উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে। তবে ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে গেম প্রকাশক রকস্টার বহুল প্রতীক্ষিত জিটিএ সিক্স নিয়ে কোনো নতুন তথ্য প্রকাশ করেনি। কোম্পানিটি সবকিছু গোপন রাখছে, এমন মনে হলেও বিভিন্ন সূত্র ও টিপস্টার থেকে নতুন তথ্য সামনে আসছে প্রতিনিয়ত। সম্প্রতি রকস্টারের প্যারেন্ট কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভ গেমটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে।
টেক-টু ইন্টারঅ্যাকটিভের সিইও স্ট্রস জেলনিক সম্প্রতি ব্লুমবার্গের সঙ্গে জিটিএ সিক্স নিয়ে আলোচনা করেছেন। কথোপকথনের সময় তিনি ব্যাখ্যা করেন, কেন গেমটির নির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হচ্ছে না। তার মতে, এ গেম নিয়ে মানুষের আগ্রহ সাধারণ প্রত্যাশার চেয়েও বেশি। ফলে গেমিং বিশ্বে বেশ কয়েক বছর ধরেই আলোচনায় আছে গেমটির মুক্তির তারিখ। তিনি এ সময় ইন্টারঅ্যাকটিভের অন্যান্য ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। জেলনিক জানান, কোম্পানিটি সাধারণত গেম মুক্তির আগ মুহূর্তে বিজ্ঞাপন বা প্রচারণা শুরু করে। তুলনামূলকভাবে অন্যান্য গেমিং কোম্পানি কয়েক বছর আগেই মুক্তির তারিখ ঘোষণা করে।
স্ট্রস জেলনিক বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক কোম্পানি গেম বাজারে আসার কয়েক বছর আগেই প্রচার শুরু করে ও মুক্তির তারিখ জানিয়ে দেয়। তবে টেক-টু ইন্টারঅ্যাকটিভ মনে করে, গেম মুক্তির কাছাকাছি সময় মার্কেটিং শুরু করাই ভালো। এতে মানুষের মধ্যে গেম নিয়ে একটা লম্বা সময় ধরে উত্তেজনা থাকে, আবার তাদের প্রত্যাশাও নিয়ন্ত্রিত থাকে।’
সিইওর মতে, এ কৌশল টেক-টু ইন্টারঅ্যাকটিভকে অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকতে সাহায্য করে। এছাড়া তাড়াহুড়ো না করে তারা নিজেদের মতো করে গেমের বিকাশে সময় নিতে পারে। ফলে গেমের মান নিয়ে আপস করতে হয় না।
গেমিং জগতে গুঞ্জন রয়েছে, রকস্টার গেমস আগামী মাসে জিটিএ সিক্সের দ্বিতীয় ট্রেলার প্রকাশ করতে পারে। যদি এটি সত্য হয়, তাহলে শিগগিরই গেম সম্পর্কে আরো তথ্য জানা যাবে। বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম জিটিএ সিক্স। টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্যানুযায়ী, মুক্তির তারিখ না জানালে গেম নিয়ে আগ্রহের মাত্রা উঁচু থাকলেও অবাস্তব প্রত্যাশা তৈরি হবে না। দীর্ঘ অপেক্ষার এ সময় ধৈর্যের পরীক্ষা নেবে। তবে রকস্টার সাধারণত দারুণ গেমই উপহার দেয়। তাই জিটিএ ভক্তরা আশাবাদী যে এবারো তারা হতাশ হবে না।
জিটিএ সিক্সের আগের সংস্করণ জিটিএ ফাইভ রিলিজ হয় ২০১৩ সালে। নতুন সংস্করণের মাঝে দীর্ঘ বিরতি হওয়ায় গেমপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। রকস্টার গেমের প্রথম ট্রেলার থেকে ইঙ্গিত পাওয়া যায় যে চলতি বছর জিটিএ সিক্স বাজারে আসবে। গেমটি প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স সিরিজ এক্স/এসে খেলা যাবে। অন্যদিকে টেক-টু ইন্টারঅ্যাক্টিভের আর্থিক বিবরণীতে গত বছর ইঙ্গিত দেয়া হয়, গেমটি আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের কোনো এক সময় বাজারে আসবে। যদিও তারা এখনো কোনো মাস-তারিখ নিশ্চিত করে জানায়নি।
গ্র্যান্ড থেফট অটো মূলত ওপেন ওয়ার্ল্ড ঘরানার, যেখানে বড় বড় শহরে মুক্তভাবে ঘুরে বেড়ানো যায়। গেমে মিশন সম্পন্নের পাশাপাশি নানা ধরনের যানবাহনে চড়ে বিভিন্ন চরিত্রের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে। চমকপ্রদ গল্প, বাস্তবধর্মী জগৎ ও গেমের মধ্যে স্বাধীনভাবে বিচরণের কারণে ১৯৯৭ সালে প্রথম বাজারে আসার অল্প দিনের মধ্যে নজর কাড়ে জিটিএ। এর পর থেকে নতুন সব সংস্করণ ঘিরে বাড়তে থাকে আগ্রহ, চলতে থাকে গুঞ্জন। গিজচায়না অবলম্বনে










