অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত গুগল মেসেজেস এখন শুধু টেক্সট পাঠানোর মাধ্যম নয়, বরং এটি একটি প্রয়োজনীয় ও ইউজারফ্রেন্ডলি মেসেজিং অ্যাপে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এতে যুক্ত হয়েছে নানা আধুনিক ফিচার, যা ব্যবহারকারীর নিরাপত্তা, গোপনীয়তা ও যোগাযোগের অভিজ্ঞতাকে আরো উন্নত করেছে। গুগল মেসেজেস অ্যাপের আটটি দরকারি ফিচার নিয়ে আলোচনা করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট হাউটুগিক—

স্প্যাম শনাক্তকরণ ব্যবস্থা

বর্তমানে অনলাইন প্রতারণা বা ‘স্মিশিং’ আক্রমণ বেশ সাধারণ হয়ে উঠেছে। গুগল মেসেজেস অ্যাপে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্প্যাম শনাক্তকরণ ফিচার। এটি অচেনা প্রেরকের সন্দেহজনক বার্তা শনাক্ত করতে পারে। কোনো সন্দেহজনক মেসেজ পেলে এটি ‘‌Scam Detection’ পপ-আপের মাধ্যমে সতর্কবার্তা দেয় এবং ব্যবহারকারী চাইলে প্রেরককে রিপোর্ট করতে পারেন।

অশোভনীয় বার্তা বা মেসেজ ব্লার করা

গুগল মেসেজেস এখন অশালীন, অশোভনীয় বা নগ্ন ছবি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা (ব্লার) করে দেয়। অ্যান্ড্রয়েডের সেফটি-কোর সিস্টেমের মাধ্যমে কাজ করা ফিচারটি কিশোর ব্যবহারকারীদের জন্য ডিফল্টভাবে চালু থাকে। প্রাপ্তবয়স্করা চাইলে ফিচারটি নিজ থেকে চালু করতে পারবেন। মেসেজ থেকে সেটিংসে গিয়ে ‘Protection & Safety’ অপশনে গিয়ে এটি সক্রিয় করা যায়। কোনো ছবি অশালীন মনে হলে অ্যাপটি সেটি ব্লক করে ব্যবহারকারীকে দেখার বা প্রেরককে ব্লক করার সুযোগ দেয়।

অডিও মেসেজে ইমোজি যুক্ত করা

অডিও বার্তা পাঠানোর সময় এতে নিজের অনুভূতি প্রকাশের জন্য এখন ইমোজি যোগ করা যায় গুগল মেসেজে। যেমন কোনো মজার ঘটনার কথা বললে হাসির ইমোজি যুক্ত করা যেতে পারে। রেকর্ড শেষ করার পর পছন্দের ইমোজি বেছে নিয়ে সেন্ড চাপলেই বার্তাটি পাঠানো হবে।

ছবির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো

ইমোজির পাশাপাশি গুগল মেসেজেসে এখন ছবির মাধ্যমে প্রতিক্রিয়া জানানোরও সুযোগ রয়েছে। কোনো মেসেজে নিজের ফোনের গ্যালারি থেকে ছবি বেছে নিয়ে সেটিকে ‘ফটোমোজি’ হিসেবে পাঠানো যায়।

মেসেজ ‘স্নুজ’ বা ‘ডিলিট ফর এভরিওয়ান’

কোনো নির্দিষ্ট ব্যক্তির বার্তা সাময়িকভাবে না পেতে চাইলে স্নুজ ফিচার ব্যবহার করা যায়। এতে নির্দিষ্ট সময়ের জন্য সে নম্বর থেকে আসা মেসেজের নোটিফিকেশন বন্ধ থাকে। পাশাপাশি ভুল করে পাঠানো বার্তাও ‘Delete for Everyone’ অপশনের মাধ্যমে উভয় দিক থেকে মুছে ফেলা যায়। এজন্য দুই ফোনে গুগল মেসেজেসের সর্বশেষ সংস্করণ থাকতে হবে।

গুরুত্বপূর্ণ মেসেজ পিন করা

গুরুত্বপূর্ণ কথোপকথন সহজে খুঁজে পাওয়ার জন্য এখন মেসেজ বা বার্তা পিন করা যায় গুগল মেসেজে। একসঙ্গে সর্বোচ্চ ২০টি চ্যাট পিন করে রাখা সম্ভব। পছন্দের চ্যাটে দীর্ঘক্ষণ চাপ দিয়ে ‘Pin’ অপশনটি নির্বাচন করলেই সেটি ওপরে প্রদর্শিত হবে।

ওটিপি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রায়ই ইনবক্স ভরিয়ে ফেলে। গুগল মেসেজেসে এখন ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে এসব ওটিপি বার্তা মুছে ফেলার সুযোগ রয়েছে। মেসেজ সেটিংসে গিয়ে মেসেজ অরগানাইজেশন থেকে ‘Auto-Delete OTP Messages After 24 Hours’ চালু করলেই এটি কার্যকর হবে।

ভিন্ন কনটাক্টে আলাদা নোটিফিকেশন সাউন্ড

জরুরি বার্তা যেন অন্য নোটিফিকেশনের সঙ্গে মিশে না যায়, সেজন্য নির্দিষ্ট নম্বরের জন্য আলাদা টোন সেট করা যায় গুগল মেসেজে। এতে গুরুত্বপূর্ণ ব্যক্তির বার্তা সহজেই চেনা যায়।