বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের উদ্যোগে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বন্দরনগরীতে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা ও আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসার আওতায় আনার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘এভরি মিনিট কাউন্টস’ প্রতিপাদ্য সামনে রেখে হাসপাতালটি ‘অ্যাক্ট-ফাস্ট’ ক্যাম্পেইন শুরু করেছে। এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল বলেন, ‘স্ট্রোকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত হাসপাতালে পৌঁছলে রোগীর সুস্থতার সম্ভাবনা বাড়ে, অন্যদিকে চিকিৎসায় দেরি হলে ঝুঁকি বেড়ে যায়। তাই স্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে জনসচেতনতা জরুরি।’