ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়েও আলোচনায় ছিলেন এ অভিনেতা। এবার নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন রাজ। সিনেমাটি নির্মাণ করবেন সৈয়দ শাকিল। এর মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে অভিষেক হতে যাচ্ছে এ পরিচালকের।
এর আগে ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। নতুন সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। গত ২৭ অক্টোবর রাতে শরিফুল রাজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা। চুক্তি স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দেন তিনি। তবে সিনেমার নাম ও অন্য অভিনয়শিল্পীদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান নির্মাতা।
সিনেমার গল্প প্রসঙ্গে সৈয়দ শাকিল জানান, একসময় দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত, যেগুলো সামাজিক সিনেমা হিসেবে পরিচিত ছিল। সেই ধারার আবেগনির্ভর একটি সামাজিক গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে চান তিনি। তার প্রত্যাশা, সিনেমাটি দর্শককে আবেগপ্রবণ করে তুলবে।
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতার। সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী কোরবানির ঈদে।
এদিকে একই ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে শরিফুল রাজ অভিনীত আরেকটি সিনেমারও। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ পরিচালনায় নির্মিত হচ্ছে ‘কালাভুনা প্যারাডক্স’। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় রাজের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর।










