পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
গতকাল বিকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকার ব্রিজসংলগ্ন সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বিলে থাকা কয়েকজন মাছ ধরার জন্য ব্যবহৃত একটি অস্থায়ী মাচাং ঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরের ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে ছয়জনকে মৃত অবস্থায় পান।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, ‘বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে তারা পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে আশ্রয় নেন। ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি জানান, নিহতদের সবাই কিশোর ও তরুণ বয়সী। নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকালের দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। অল্প সময়ের মধ্যেই বজ্রপাতের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
আহত তিনজনকে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।










