দীর্ঘ প্রায় নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার এ রোগ ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসার মধ্য দিয়ে সময় কাটছিল এ অভিনেত্রীর। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সম্প্রতি নতুন নাটকের কাজ করেছেন তিনি।

ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তানিয়া বৃষ্টি। নাটকটির অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে আরো অভিনয় করেছেন ডলি জহুর, ফজলুর রহমান বাবুসহ আট-নয়জন শিল্পী। নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।

পরিচালক ইকসান রনি জানান, ‘অংশীদার’ নাটকে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে। সমাজের বাস্তব চিত্র অবলম্বনে নির্মিত নাটকটিতে সম্পত্তির অধিকার আদায়ে এক নারীর লড়াইয়ের পাশাপাশি সমস্যার সমাধানের পথও দেখানো হয়েছে।

এর আগে একই পরিচালকের ‘বাবাও মানুষ’ নাটকে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি। নাটকটি দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছিল। নতুন নাটকটি প্রসঙ্গে বৃষ্টি জানান, এখনো কেবল কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার চেষ্টা দেখা যায়। ‘অংশীদার’ নাটকে বিষয়টি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলেও প্রত্যাশা তার।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। একসময় তার শারীরিক অবস্থা এমন ছিল যে অভিনয়ে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে এখন আগের চেয়ে ভালো আছেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে রয়েছেন তানিয়া বৃষ্টি। নাটকটি শিগগিরই একটি টেলিভিশন চ্যানেল ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে।