প্রযুক্তি ক্রমাগত বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ব্যবহারকারী এখন সেকেন্ড-হ্যান্ড গ্যাজেট কিনে অর্থ সাশ্রয় করছেন। পুরনো হলেও ভালো অবস্থায় থাকা ডিভাইসগুলো নতুনের মতোই ব্যবহারযোগ্য এবং অনেক ক্ষেত্রে কম খরচে পাওয়া যায়। সঠিকভাবে নির্বাচন করতে পারলে এবং কিছু সতর্কতা মেনে চললে সেকেন্ড-হ্যান্ড প্রযুক্তি কেনা সহজ ও লাভজনক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট হাউ টু গিক অবলম্বনে এমন পাঁচটি গ্যাজেটের কথা তুলে ধরা হলো—
মিনি পিসি
মিনি পিসি, যেমন এম১ ম্যাক মিনি বা ইন্টেল এনইউসি-স্টাইল ডিভাইস, সেকেন্ড হ্যান্ড বাজারে খুবই জনপ্রিয়। এগুলো ছোট, একাধিক কাজে ব্যবহার করা যায় এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। একটি ব্যবহৃত ম্যাক মিনি সহজেই মিডিয়া সেন্টার বা স্মার্ট হোম হাব হিসেবে ব্যবহার করা যায়। এসব ডিভাইস মিডিয়া সার্ভার চালানো, হোম অটোমেশন প্লাটফর্ম ব্যবহার বা ছোট ব্যক্তিগত প্রকল্পের জন্য আদর্শ। তবে ক্রেতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডিভাইসে পূর্ববর্তী মালিকের অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।
ক্যামেরা ও লেন্স
নতুন ক্যামেরা ও লেন্স কেনা অনেকের জন্য ব্যয়বহুল হতে পারে। তবে সেকেন্ড হ্যান্ড বাজারে পুরনো ক্যামেরা ও লেন্স কেনা অনেক সাশ্রয়ী। উদাহরণস্বরূপ, সনি এ৭ সিরিজের ক্যামেরার দাম লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। কিন্তু পুরনো মডেলগুলো অনেক কম দামে পাওয়া যায়। ভালো মানের ক্যামেরার লেন্স দীর্ঘমেয়াদে বছরের পর বছর ব্যবহারেও মান ঠিক থাকে। এক্ষেত্রে ক্রেতাদের অবশ্যই কেনার আগে ডিভাইসে কোনো দাগ, ফাঙ্গাস বা ক্ষতির চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করে নেয়া জরুরি।
সিঙ্গল-বোর্ড কম্পিউটার (এসবিসি)
রাসপবেরি পাইয়ের মতো সিঙ্গেল-বোর্ড কম্পিউটার নতুন কিছু শিখতে বা শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর ডিভাইস। সেকেন্ড হ্যান্ড এসবিসি অনেক সাশ্রয়ী এবং হোম সার্ভার, ডিজিটাল ফটো ফ্রেম বা প্রোগ্রাম শেখার জন্য ব্যবহারযোগ্য। তবে সম্পূর্ণ কার্যকর করার জন্য মাইক্রোএসডি কার্ড, ইউএসবি অ্যাডাপ্টার, মাইক্রো ইউএসবি বা এইচডিএমআই কেবল এবং অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজন।
স্মার্ট স্পিকার
ব্যবহৃত স্মার্ট স্পিকার, যেমন অ্যাপল হোমপড মিনি বা অ্যামাজন ইকো বাড়ির বিভিন্ন অংশে ভয়েস কন্ট্রোল সুবিধা বাড়ায়। লন্ড্রি রুম বেজমেন্ট বা ছোট রুমেও এগুলো ব্যবহার করা যায়। কেনার আগে ডিভাইসটি আগের সেটআপ থেকে সম্পূর্ণ রিসেট হয়েছে কিনা নিশ্চিত করতে হবে।
স্মার্ট প্লাগ
স্মার্ট প্লাগ সবচেয়ে সাশ্রয়ী স্মার্ট হোম ডিভাইস। এগুলো ল্যাম্প, ফ্যান বা অন্যান্য সাধারণ যন্ত্র নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। সেকেন্ড-হ্যান্ড পণ্য কেনা অর্থ সাশ্রয় করতে সাহায্য করে। এগুলো সেকেন্ড হ্যান্ড কিনলে খরচ কম হয়। তবে প্লাগটি ঘরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করা জরুরি।
সেকেন্ড হ্যান্ড প্রযুক্তি ব্যবহারকারীদের কম খরচে আধুনিক গ্যাজেট ব্যবহারের সুযোগ দেয়। বিশ্লেষকরা বলছেন, সঠিক পরীক্ষা-নিরীক্ষা এবং কিছু সতর্কতা মেনে চললে ব্যবহারকারীরা ভালো মানের ডিভাইস পেতে পারেন এবং একই সঙ্গে ইলেকট্রনিক বর্জ্যও কমাতে পারেন।










