ব্যবসায়িক দুনিয়ায় দ্রুত জায়গা করে নিচ্ছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি। পেজারডিউটির সাম্প্রতিক জরিপ অনুসারে, ৫১ শতাংশ কোম্পানি এরই মধ্যে এআই এজেন্ট নিয়োগ করেছে। আরো ৩৫ শতাংশ কোম্পানি আগামী দুই বছরের মধ্যে এআই এজেন্ট নিয়োগের পরিকল্পনা করেছে। খবর টেক মনিটর।
পেজারডিউটি এ জরিপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের অন্তত এক হাজার আইটি ও ব্যবসায়িক নির্বাহীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে।
তারা জানান, উন্নত অটোমেশন, কর্মক্ষম দক্ষতা ও ব্যবসায়িক প্রভাবের জন্য জেনারেটিভ এআই (জেনএআই) থেকে কিছু কাজ এজেন্টিক এআইয়ে স্থানান্তর হয়েছে। অর্থাৎ জেনারেটিভ এআই যেসব কনটেন্ট তৈরি করতে সাহায্য করত, এখন তার থেকে এগিয়ে এজেন্টিক এআই ব্যবহার হচ্ছে, যা আরো কৌশলগত ও কার্যকর পদক্ষেপ নিতে পারে। ফলে ব্যবসা কৌশল আরো উন্নত হচ্ছে। জরিপে অংশ নেয়া অন্তত ৫৫ শতাংশ প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব এজেন্টিক এআই নিয়োগের চেষ্টা করছে।
পেজারডিউটির প্রধান তথ্য কর্মকর্তা এরিক জনসনের মতে, এআই প্রযুক্তিতে বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। এতে কোম্পানিগুলোকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে বিনিয়োগ থেকে বাস্তব ও পরিমাপযোগ্য সুবিধা পাওয়া যাবে।
তিনি উল্লেখ করেন, পেজারডিউটির সর্বশেষ জরিপ থেকে স্পষ্ট যে অনেক প্রতিষ্ঠানের কর্তারা বিশ্বাস করছেন এজেন্টিক এআই ব্যবসায়িক কার্যক্রমে মূল্য বাড়াতে সাহায্য করবে।
পেজারডিউটির গবেষণায় দেখা গেছে যে জরিপে অংশগ্রহণকারী ৬৩ শতাংশ কোম্পানি তাদের প্রতিষ্ঠানে জেনারেটিভ এআই সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করেছে। এ একীভূতকরণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে পিছিয়ে আছে জাপান। জরিপে আরো দেখা গেছে, যেসব কোম্পানি এরই মধ্যে জেনএআই পুরোপুরি বাস্তবায়ন করেছে, তাদের মধ্যে অনেকেই এজেন্টিক এআই স্থাপন করেছে। অর্থাৎ জেনএআই ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত এজেন্টিক এআই ব্যবহারে আগ্রহী।
প্রায় ৫২ শতাংশ প্রতিষ্ঠান আশা করছে, এজেন্টিক এআই ২৬-৫০ শতাংশ পর্যন্ত কাজের চাপ কমাবে। তবে এজেন্টিক এআই ও জেনারেটিভ এআই নিয়ে ব্যবসাগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। প্রায় ৪৪ শতাংশ প্রতিষ্ঠান মনে করে যে এজেন্টিক এআই বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কিন্তু ৪০ শতাংশ প্রতিষ্ঠানের মতে জেনএআই এরই মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে এবং এটি ব্যবসার জন্য সবচেয়ে বড় পরিবর্তন আনবে। জরিপের সামগ্রিক ফল বলছে, এআই প্রযুক্তি এখন প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী কয়েক বছরের মধ্যে তারা এআই প্রযুক্তির কার্যকর বাস্তবায়ন ও তা থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা করছে।










