যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে উন্নত চিপ প্রযুক্তির গণ-উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্টেল। প্রযুক্তি খাতে পুনরায় নিজেদের শীর্ষ অবস্থান ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ল্যাপটপ, রোবোটিকস ও শিল্প খাতের জন্য নতুন প্রজন্মের ‘প্যান্থার লেক’ চিপ উন্মোচন করেছে ইন্টেল। এআই-চালিত ল্যাপটপ, বিভিন্ন স্মার্ট ডিভাইস ও হিউম্যানয়েড রোবটে ব্যবহারের উপযোগী এসব প্রসেসর সরবরাহ শুরু হবে ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর)। এসব চিপ ব্যবহৃত পণ্য বাজারে আসবে আগামী বছর।

ইন্টেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ড্রি সার্ভিসের প্রধান কেভিন ও’বাকলি জানান, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার চ্যান্ডলারে কোম্পানির নতুন এফ৫২ কারখানাটি সম্প্রতি সম্পূর্ণরূপে চালু হয়েছে। এখানে ১৮এ প্রযুক্তিতে বড় পরিসরে চিপ উৎপাদন শুরু হয়েছে।

তিনি বলেন, ‘এ মুহূর্তে এটি বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি, ইন্টেলের নতুন “প্যান্থার লেক” কোম্পানির নিজস্ব উন্নত ১৮এ প্রযুক্তিতে তৈরি প্রথম চিপ।’

ইন্টেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ক্লায়েন্ট কম্পিউটিং বিভাগের প্রধান জিম জনসন জানান, স্মার্ট সিটি, শিল্প খাত ও রোবোটিকসের মতো এজ ডিভাইস তৈরিতে নিয়োজিত অনেক গ্রাহক নতুন প্রজন্মের প্রসেসর ব্যবহার করতে আগ্রহী।

কোম্পানি-সংশ্লিষ্টরা বলছেন, প্যান্থার লেক চিপে নতুন ধরনের পাওয়ারভিয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চিপের পেছনের দিক দিয়ে শক্তি সরবরাহ করা হয়, যা চিপকে আরো দ্রুত ও কার্যকরী করে তোলে। ফলে চিপের সিগন্যাল বা তথ্যপ্রবাহও ভালোভাবে পরিচালিত হয় এবং কম্পিউটার আরো ভালোভাবে কাজ করতে পারে।

ইন্টেল ১৯৭৯ সাল থেকে অ্যারিজোনায় কাজ করছে। এখন সেখানে সবচেয়ে উন্নত চিপ তৈরির কারখানা রয়েছে কোম্পানিটির। ২০২১ সালে চ্যান্ডলারের অকোটিলো ক্যাম্পাসে ১৮এ চিপ তৈরির জন্য এফ৫২ কারখানার নির্মাণ শুরু হয়।

সাধারণত ন্যানোমিটার স্তর যত ছোট, চিপ তত উন্নত ও শক্তিশালী হয়। এর আগে টি‌এস‌এমসি ও স্যামসাং ঘোষণা করে, কোম্পানি দুটি চলতি বছর দুই ন্যানোমিটার চিপ উৎপাদন শুরু করবে। টি‌এস‌এমসি এর পাশাপাশি ইন্টেলের পাওয়ারভিয়ার মতো নতুন প্রযুক্তি ‘সুপার পাওয়ার রেল’ নিয়ে কাজ করছে।