চিপ প্রস্তুতকারক কোম্পানি কোয়ালকম সম্প্রতি তার প্রতিদ্বন্দ্বী ইন্টেলকে অধিগ্রহণের চেষ্টা করছে বলে কিছু প্রতিবেদনে উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার প্রথম এ খবর প্রকাশ করে। তারা জানায়, ইন্টেলকে কিনে নেয়ার জন্য কোয়ালকম প্রস্তাব দিয়েছে এবং নিউইয়র্ক টাইমস পরবর্তী সময় এ খবর নিশ্চিত করে। তবে এ বিষয়ে এখনো ইন্টেলকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি। খবর টেকক্রাঞ্চ।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ালকম ইন্টেলকে কেনার প্রস্তাব দিলেও কোম্পানিটি এ চুক্তিতে রাজি হবে কিনা বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এটি অনুমোদন করবে কিনা তা অনিশ্চিত। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য টেকক্রাঞ্চের অনুরোধে কোনো সাড়া দেয়নি দুই কোম্পানি। দ্য ভার্জ বলছে, যদি কোয়ালকম সফলভাবে ইন্টেলকে অধিগ্রহণ করতে পারে এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে এটি কোয়ালকমের জন্য একটি বড় সাফল্য হবে। বিশেষ করে যখন মাইক্রোসফটের এইআই-নির্ভর পারসোনাল কম্পিউটার (পিসি) পরিকল্পনার অংশ হিসেবে এ বছর ডেস্কটপ প্রসেসর বাজারে ফিরে এসেছে কোয়ালকম। তারা অনেক বছর ধরেই মোবাইল প্রসেসর তৈরিতে শীর্ষে ছিল। 

চিপ তৈরিতে ইন্টেল বর্তমানে গত বছরগুলোর তুলনায় অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে। যদিও কোম্পানির কিছু বিভাগ এখনো লাভ করছে। আগস্টে ১৬০ কোটি ডলার লোকসানের পর ইন্টেল সম্প্রতি তাদের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই, ব্যবসায়িক কৌশল পরিবর্তন ও অন্যান্য বড় সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। ওই সময়ে ইন্টেলের সিইও প্যাট গেলসিঞ্জার বলেছিলেন যে সংস্থাটি সব অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করবে। এছাড়া কোম্পানিটি তাদের চিপ তৈরির ব্যবসাটি আলাদা করার পরিকল্পনা করেছে।

প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, কোয়ালকম, এএমডি ও অ্যাপল এখনো ল্যাপটপের বাজারে ইন্টেলের তুলনায় তুলনামূলকভাবে ছোট কোম্পানি। এ প্রতিযোগিতার কারণে ইন্টেল তাদের শীর্ষ ল্যাপটপ চিপ তৈরির পদ্ধতি দুবার পরিবর্তন করেছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা দেখার অপেক্ষায় আছেন অক্টোবরে নতুন লুনার লেক চিপগুলো উন্মোচনের পর ইন্টেল সফল হবে কিনা।