সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য দুবাই ফিনটেক সামিট ২০২৪ এ অংশ নিতে
যাচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুরের জয়েন্ট ভেঞ্চার, কাস্টমার এনগেজমেন্ট সফটওয়্যার নির্মাতা
প্রতিষ্ঠান রিভ চ্যাট। ৬ ও ৭ মে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানটি দুবাইয়ের সবচেয়ে বড় রিসোর্ট
মদিনাত জুমেইরাতে অনুষ্ঠিত হবে।
আর্থিক খাতে কাস্টমার এনগেজমেন্ট নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রিভ
চ্যাট সম্মেলনে তাদের নতুন সংস্করণ ৪.০ উন্মোচন করবে। প্রতিষ্ঠানটি জানায়, তারা নতুন
সংস্করণে কিছু আপডেট নিয়ে এসেছে, যার ফলে ইন্সট্যান্ট মেসেজিং (আইএম) ও লাইভ চ্যাটের
সকল সুবিধার সমন্বয়ে ওয়েবসাইট একটি ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্মে পরিণত হবে।
দুবাই ফিনটেক সামিটে রিভ চ্যাট আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান,
কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, সাইবার সিকিউরিটিসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের
সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। এ সম্মেলনটি বিভিন্ন আর্থিক
প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগ, মত বিনিময় ও আর্থিক খাতের
ভবিষ্যত বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রিভ চ্যাটের সিইও এম রেজাউল হাসান বলেন, ‘দুবাই ফিনটেক সামিট ২০২৪
এ রিভ চ্যাটের অংশগ্রহণ নিয়ে আমরা খুবই আশাবাদী, কারণ আর্থিক প্রযুক্তিতে নতুন উদ্ভাবন
ও সংযোজনের স্বপ্ন বাস্তবায়নে এটি আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা এখানে রিভ চ্যাটের
নতুন সংস্করণ ৪.০ প্রদর্শন করতে যাচ্ছি যা ইন্সট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাটের সমন্বয়ে
কাস্টমার এনগেজমেন্টে একটি মাইলফলক বলা যায়।’ বিজ্ঞপ্তি








