২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আনার পর এখন পর্যন্ত ৩০০ কোটির বেশি ডিভাইস বিক্রি করেছে অ্যাপল। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশকালে গতকাল এ তথ্য জানান টেক জায়ান্টটির প্রধান নির্বাহী (সিইও) টিম কুক। খবর এনগ্যাজেট।
অ্যাপলের তথ্যানুযায়ী, ১৮ বছর আগে প্রথম আইফোন উন্মোচন করেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। কোম্পানিটি প্রথম ১০০ কোটি ইউনিট বিক্রি করেছে প্রায় ১০ বছরে। এরপর পরবর্তী ১০০ কোটি ইউনিট সরবরাহে সময় লেগেছে ছয় বছর। তবে তিনশ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে তার চেয়েও কম, মাত্র চার বছর।
জার্মানিভিত্তিক অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড়শ কোটি। গত বছরের হালনাগাদ তথ্য বলছে, পৃথিবীর মোট জনসংখ্যার ১৮ শতাংশ এখন আইফোন ব্যবহার করছে।
প্রযুক্তিবিদদের মতে, গত কয়েক বছরে মোবাইল অপারেটিং সিস্টেমের বাজারে আইওএসের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩ সালে বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারী দাঁড়ায় ১৩৭ কোটিতে, যেখানে এক দশক আগে এ সংখ্যা ছিল ১০ লাখ।










