ওয়ানপ্লাস ও অপোর ফ্ল্যাগশিপ ফোনগুলোয় ‘অ্যালার্ট স্লাইডার’ একটি গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে বিবেচিত। এর মাধ্যমে সাইলেন্ট, ভাইব্রেট এবং রিং মোড সহজে পরিবর্তন করা যায়। তবে ওয়ানপ্লাস এটিকে একটি নতুন রিম্যাপেবল (পুনরায় সেট করা যায় এমন) বাটন দিয়ে প্রতিস্থাপন করতে পারে বলে সম্প্রতি গুঞ্জন উঠেছে। নতুন বাটনটি আইফোন ১৬ সিরিজের অ্যাকশন বাটনের মতো কাজ করবে। খবর গিজচায়না।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওয়ানপ্লাসের স্মার্টফোনে ব্যবহৃত অ্যালার্ট স্লাইডারের জায়গায় প্রেস-টাইপ বাটন চালু করার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ পরিবর্তনটি সম্ভবত আইফোন ১৫ প্রো মডেলের অ্যাকশন বাটন থেকে অনুপ্রাণিত। অ্যাকশন বাটনটি পুরনো রিং-সাইলেন্ট সুইচের পরিবর্তে প্রথমবারের মতো আইফোনে আনা হয়।

অ্যাপলের অ্যাকশন বাটনটি ব্যবহারকারীদের বিভিন্ন ফাংশন নিজেদের মতো সেট করার সুযোগ দেয়, যেমন সাইলেন্ট মোড চালু করা, ক্যামেরা খোলা, ফ্ল্যাশলাইট চালু করা। প্রযুক্তিবিদদের মতে, ওয়ানপ্লাস যদি এ ধারণা অনুসরণ করে, তাহলে নতুন বাটনটিও একই রকম কাস্টমাইজেশন সুবিধা দিতে পারে, যা তিন স্তরের স্লাইডার থেকে বেশি কার্যকর হবে। তবে ওয়ানপ্লাসে অ্যালার্ট স্লাইডার সরানোর ঘটনা প্রথম নয়। ওয়ানপ্লাস টেনটি মডেলে এটি বাদ দেয়া হয়েছিল। কোম্পানির মতে, এটি তাদের চার্জিং স্পিড উন্নত করতে, ব্যাটারির আকার বাড়াতে এবং অ্যান্টেনা পারফরম্যান্স বাড়াতে সহায়তা করেছে। ওয়ানপ্লাস আগেও অ্যালার্ট স্লাইডারের অবস্থান পরিবর্তন করেছে। ওয়ানপ্লাস ১২-তে এটি ডান থেকে বামে সরিয়ে দেয়া হয়। ব্যবহারকারীরা এরই মধ্যে এমন পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, তাই এ নতুন পরিবর্তন তেমন চমকপ্রদ নাও হতে পারে।

ডিজিটাল চ্যাট স্টেশন বলছে, সব ওয়ানপ্লাস ও অপো ডিভাইসে অ্যালার্ট স্লাইডার হারিয়ে যাবে না। প্রতিবেদন অনুযায়ী, নতুন বাটনটি ওয়ানপ্লাস ওপেন ২ এবং অপো ফাইন্ড এন৫-এ থাকছে।