বিভিন্ন অ্যাপ্লিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার উন্নত করতে প্রতিদ্বন্দ্বী গুগল ও ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বের কথা বিবেচনা করছে মেটা প্লাটফর্মস। সম্প্রতি দি ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেটার এ পদক্ষেপকে প্রযুক্তি দুনিয়ায় নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, মেটার নতুন এআই সংস্থা মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসের প্রধান চ্যাটবট মেটা এআইয়ের সঙ্গে গুগলের জেমিনি মডেলকে সমন্বিত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মেটার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোয় এআই ফিচার আরো শক্তিশালী করতে ওপেনএআইয়ের মডেল ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে।

মেটা এআইর বিভাগীয় প্রধানদের মতে, বাইরের মডেল ব্যবহারের মূল উদ্দেশ্য নিজস্ব মডেল আরো উন্নত না হওয়া পর্যন্ত বিভিন্ন প্লাটফর্মে এআই পরিষেবায় এগিয়ে থাকা। এক্ষেত্রে তাদের অগ্রাধিকার হলো পরবর্তী প্রজন্মের মডেল লামা ৫ যেন প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর সঙ্গে কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারে।

মেটার একজন মুখপাত্র বলেছেন, তারা এআই পণ্য তৈরির জন্য সব ধরনের উপায় অনুসরণ করছেন। এর মধ্যে বিশ্বে নেতৃত্ব দেয়ার মতো নিজস্ব মডেল তৈরি, অন্যান্য কোম্পানির সঙ্গে অংশীদারত্ব করা ও প্রযুক্তিকে উন্মুক্ত রাখা অন্তর্ভুক্ত।

এর আগেও অভ্যন্তরীণ কিছু টুলে বাইরের এআই মডেল ব্যবহার করেছে মেটা। যেমন কর্মীদের কোডিংয়ে সাহায্য করার জন্য তাদের অভ্যন্তরীণ কোডিং অ্যাসিস্ট্যান্টে অ্যানথ্রপিকের মডেল ব্যবহার করা হয়।

চলতি বছরের শুরুর দিকে এআই বিভাগ পুনর্গঠনের মাধ্যমে নতুন করে সাজিয়েছে মেটা। শীর্ষস্থানীয় এআই গবেষকদের আকৃষ্ট করতে শত শত কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলেন, ‘‌এ ধরনের অংশীদারত্বের পরিকল্পনা ইঙ্গিত দেয় মেটা এআই খাতে প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে থাকতে চায় না এবং নিজস্ব এআই সক্ষমতা দ্রুত বাড়াতে আগ্রহী।’