উইন্ডোজ ও অফিসের মতো সফল পণ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত মাইক্রোসফট। তবে এর মধ্যেও লুকিয়ে আছে এক ব্যর্থতার গল্প। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে কম বিক্রি হওয়া পণ্যটি কোনো গেম বা সাধারণ সফটওয়্যার নয়; বরং এক বিশেষ অপারেটিং সিস্টেম (ওএস)। এটি এমন এক হার্ডওয়্যারের জন্য তৈরি হয়েছিল, যা মানুষের হাতে ছিল না বললেই চলে। মাইক্রোসফটের তথ্যানুযায়ী, পণ্যটি কিনেছিল মাত্র ১১ জন। খবর টেক রাডার।
আশির দশকের মাঝামাঝি থেকে শেষভাগে দ্রুত বদলাচ্ছিল ব্যক্তিগত কম্পিউটার হার্ডওয়্যারের ধারণা। দ্রুতগতির প্রসেসর, উন্নত গ্র্যাফিকসসহ নতুন সক্ষমতা কম্পিউটারকে আরো কার্যকর করে তুলছিল। মাইক্রোসফট এ সময়ের বাজারের সম্ভাবনা বিবেচনা করে একটি বিশেষ ধরনের হার্ডওয়্যারের জন্য আলাদা একটি অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করে। কিন্তু ডিভাইসটি জনপ্রিয়তা না পাওয়ায় ওএসটিরও বাস্তব কোনো বাজার তৈরি হয়নি। বিক্রির সংখ্যা এত কম ছিল যে এটি ইতিহাসে কোম্পানির অন্যতম বড় বাণিজ্যিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়।
‘ওএস/২ ফর ম্যাচ ২০’ নামে পরিচিত পণ্যটির কেবল ১১টি কপিঁ বিক্রি হয়েছিল। আবার এর মধ্যে কোম্পানির কাছে ফেরত আসে আটটি।
ডিজিটাল রূপান্তরের যুগে তখনো মানিয়ে নিতে থাকা অনেক প্রতিষ্ঠানের জন্য পুরো সিস্টেম পরিবর্তন করা ছিল ব্যয়বহুল ও জটিল একটি প্রক্রিয়া। এ সমস্যার সমাধান হিসেবেই মাইক্রোসফট প্রথমে ম্যাচ ১০ ও পরে ম্যাচ ২০ নামে এক্সপানশন কার্ড বাজারে আনে। লক্ষ্য ছিল পুরনো কম্পিউটারে অতিরিক্ত হার্ডওয়্যার যুক্ত করে নতুন প্রযুক্তির সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করা। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কার্ডগুলো সঠিকভাবে কাজ করতে পারছিল না, এগুলো ব্যবহার করাও ছিল ব্যয়বহুল।









