যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা সংস্থা ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ২০২২ সালে চালু হওয়ার পর সাধারণ পর্যায়ে এআই ব্যবহারে আমূল পরিবর্তন আসে। এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে টেক জায়ান্টগুলো ধীরে ধীরে তাদের পণ্যে এআই ফিচার যুক্ত করতে শুরু করে। মাইক্রোসফট তো উইন্ডোজচালিত নতুন ল্যাপটপে তাদের কো-পাইলট এআই বাটন যোগ করেছে। অ্যাপল তাদের অ্যাপল ইন্টেলিজেন্সের ঘোষণা দিয়েছে। আপাতত এটি ডেভেলপার পর্যায়ে ব্যবহার করা যাচ্ছে। আর স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৪ সিরিজের স্মার্টফোনসহ দামি ফ্লাগশিপ ফোনগুলোয় তাদের ‘গ্যালাক্সি এআই’ ব্যবহার করা যাচ্ছে। পর্যায়ক্রমে হার্ডওয়্যার সক্ষমতা বিবেচনায় অন্যান্য মডেলের স্মার্টফোনগুলোয়ও এসব ফিচার ব্যবহার করা যাবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে। গিজচায়নার প্রতিবেদনে গ্যালাক্সি এআইয়ের কিছু ফিচার সম্পর্কে বলা হয়েছে, যেগুলো ব্যবহারে নিত্য কাজগুলো আরো সহজে ও দ্রুত করা যাবে।
সার্কেল টু সার্চ
ফোন ব্যবহারের সময় স্ক্রিনের কোনো একটি বিষয় সম্পর্কে খোঁজ করার প্রয়োজন হলে হোম বাটন বা টাচ বার কিছু সময় চেপে ধরলে গুগল সার্চ অপশন আসবে। তখন জানতে চাওয়া বিষয়ের চারদিকে সার্কেল আঁকলে সে সম্পর্কিত সার্চ রেজাল্ট দেখানো হবে। এতে তথ্য খোঁজার প্রক্রিয়া হবে আরো সহজ।
স্যামসাং ব্রাউজারে এআই
স্যামসাংয়ের বিল্ট-ইন ব্রাউজার ‘ইন্টারনেটে’ যোগ করা হয়েছে ‘ব্রাউজিং অ্যাসিস্ট’ বাটন। ব্রাউজারের নিচের দিকে থাকা বাটনে স্পর্শ করলে ব্রাউজিংয়ের সময় কোনো কিছু বুঝতে না পারলে বা অনুবাদ করার প্রয়োজন হলে সহজবোধ্যভাবে উপস্থাপনে সাহায্য করবে গ্যালাক্সি এআই।
ভয়েস রেকর্ডার ও নোট
গ্যালাক্সি এআই স্যামসাংয়ের ভয়েস রেকর্ডার অ্যাপকে আরো উন্নত করেছে। অ্যাপে রেকর্ডিংয়ের পর অডিওটির ট্রান্সক্রিপশন ও এর সারসংক্ষেপ পাওয়া যাবে সহজেই। অন্যদিকে স্যামসাং নোটস অ্যাপে থাকছে বিভিন্ন ফরম্যাটে লেখা সংরক্ষণ, সারসংক্ষেপ, অনুবাদসহ আকর্ষণীয় উপস্থাপন সুবিধা। তাছাড়া নোটস অ্যাপে গ্যালাক্সি এআই ব্যবহার করে সাধারণ আঁকিবুঁকিকে পরিণত করা যাবে রঙিন ও আকর্ষণীয় ছবিতে। এআই ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের রং ও আকারের রঙিন ছবি তৈরি করা সম্ভব।
ইন্টারপ্রেটার ও লাইভ ট্রান্সলেট
কুইক প্যানেল থেকে ইন্টারপ্রেটার (দোভাষী) মোড পাওয়া যাবে। এর মাধ্যমে ১৩টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করা যাবে। অপশনটিতে গিয়ে যে দুই ভাষায় অনুবাদ করতে হবে তা নির্বাচন করে কথোপকথন শুরু করলে তাৎক্ষণিক অনুবাদ করে তা শোনানো হবে। ফলে ভিনদেশে ঘুরতে যেয়ে কথোপকথন চালিয়ে যেতে সমস্যা হবে না। এদিকে কথা বলার সময় অন্য পাশে থাকা ব্যক্তির গ্যালাক্সি ডিভাইস না থাকলেও লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ভিন্নভাষীর সঙ্গে কথা বলা যাবে। এজন্য কল আইকন থেকে সেটিংস অপশনে ফিচারটি পাওয়া যাবে। চালু করে নিয়ে ভাষা নির্বাচন করতে হবে। কথোপকথনে অন্য পাশ থেকে শোনা যাবে নিজের ভাষায়।
ভিডিও ও ছবি সম্পাদনা
গ্যালাক্সি এ ভিডিও ও ছবি সম্পাদনাকে করেছে আরো সহজ ও উন্নত। থাকছে জেনারেটিভ সুবিধা। ফলে ছবি সম্পাদনায় কিছু মুছা বা এক স্থান থেকে অন্য জায়গায় সরানোর মতো কাজ করা যাবে। প্রয়োজনমাফিক ছবিতে বাড়তি উপাদান যোগ করা যাবে। এর জন্য স্যামসাংয়ের গ্যালারি অ্যাপ থেকে ছবি সম্পাদনার অ্যাপে যেতে হবে। একইভাবে গ্যালারি অ্যাপ থেকে যেকোনো ভিডিওর নির্দিষ্ট অংশ তাৎক্ষণিক স্লো-মো ইফেক্ট যোগ করা যাবে।
রাইটিং অ্যাসিস্ট
স্যামসাং কি-বোর্ডে গ্যালাক্সি এআই আইকন থেকে রাইটিং স্টাইল অপশন নির্বাচন করে লেখালেখিতে সহযোগিতা করবে এআই। বানান ও ব্যাকরণ ঠিকসহ যে বার্তা এসেছে সে অনুসারে পরামর্শও পাওয়া যাবে। অনুবাদের সুবিধা তো থাকছেই।










