প্রযুক্তি দুনিয়ায় টেক জায়ান্ট অ্যাপলের যেকোনো ঘোষণায় রীতিমতো হইচই পড়ে যায়। আর তা যদি হয় আইফোনের বিষয়ে, তাহলে তো কথাই নেই! আরেক টেক জায়ান্ট স্যামসাং বেশ আগেই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনলেও বাকি ছিল অ্যাপল। সে খরা পূরণ করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটি। সম্ভবত ২০২৬ সালে যত দ্রুত সম্ভব ফোল্ডেবল আইফোন উন্মোচন করা হবে—এমন তথ্য মঙ্গলবার প্রযুক্তিভিত্তিক পাবলিকেশন কোম্পানি দ্য ইনফরমেশনের প্রতিবেদন থেকে জানা গেছে। খবর রয়টার্স।
অ্যাপলের এ পদক্ষেপকে স্যামসাংয়ের অনুকরণ হিসেবে দেখছেন প্রযুক্তি সমালোচকরা। নতুন গ্রাহক আকৃষ্ট করতে ২০১৯ সালে স্যামসাং বাজারে এনেছিল ফোল্ডেবল স্মার্টফোন।
বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের ফোল্ডেবল আইফোন ধারণার পর্যায় পার করেছে। ফোল্ডেবল ফোনের যন্ত্রাংশ তৈরির জন্য এশিয়ার সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করেছে টেক জায়ান্টটি। এ কাজের জন্য তারা অভ্যন্তরীণ একটি কোড ‘ভি৬৮’ ব্যবহার করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারসমৃদ্ধ ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা বাড়বে বলে ধারণা করছে অ্যাপল। তবে এক্ষেত্রে কোম্পানিটিকে চীনে অনার ও হুয়াওয়ে এবং বিশ্বজুড়ে স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।
স্যামসাং জুলাইয়ের শুরুতে তাদের হালনাগাদ ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। যদিও এই স্মার্টফোনগুলোর দাম বেশ অনেক, তবে এআই ফিচারসমৃদ্ধ ফ্ল্যাগশিপ ফোনগুলোকে আগের চেয়ে হালকা ও পাতলা করা হয়েছে।
ফোল্ডেবল স্মার্টফোনের বাজার গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছর ৪৯% বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধির হার গত ছয় প্রান্তিকের হিসাবে সর্বোচ্চ।










