আগামী বছর থেকে সপ্তাহে তিনদিন অফিসে কাজ করবেন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের কর্মীরা। কোম্পানির সদর দপ্তরের কাছে রেডমন্ড, ওয়াশিংটন ও পিউজেট সাউন্ড এলাকার কর্মীদের জন্য এ নতুন নিয়ম ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পরবর্তীতে এটি ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের অন্য অফিস এবং আন্তর্জাতিক অফিসেও কার্যকর হবে। খবর সিএনবিসি।
কোম্পানি জানিয়েছে, পিউজেট সাউন্ড এলাকায় ৫০ মাইলের মধ্যে বসবাসকারী কর্মীদের নতুন নীতির বিষয়টি জানাতে ইমেইল পাঠানো হচ্ছে।
মাইক্রোসফটের হিউম্যান রিসোর্সেস (এইচআর) প্রধান অ্যামি কোলম্যান একটি মেমোতে বলেছেন, ‘আমরা যেসব এআই পণ্য তৈরি করছি তা বর্তমান যুগের চেহারা বদলে দেবে। আর এজন্য দরকার মানুষের একসঙ্গে বসে কাজ করার উদ্যম ও শক্তি।’
করোনা মহামারির সময় মাইক্রোসফট এমন একটি নীতি চালু করেছিল, যার ফলে কর্মীরা অধিকাংশ সময় বাড়িতে থেকে কাজ করতে পারতেন এবং তার জন্য ম্যানেজারের অনুমতির কোনো প্রয়োজন ছিল না। তবে নতুন নীতি অনুযায়ী কর্মীদের অফিসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এ বছরের কয়েক দফা ছাঁটাই সত্ত্বেও মাইক্রোসফট জানিয়েছে, নতুন অফিস নীতি জনসংখ্যা হ্রাসের সঙ্গে সম্পর্কিত নয়। কোলম্যান বলেন, ‘এ পরিবর্তন মূলত আমাদের গ্রাহকদের চাহিদা পূরণে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করবে।’
নতুন নীতি এমন সময়ে ঘোষণা করা হলো যখন মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য সম্প্রসারণে কাজ করছে। কোম্পানিটি আশা করছে, অফিসে একসঙ্গে কাজ করার মাধ্যমে কর্মীরা আরো ভালো সহযোগিতা এবং জটিল সমস্যা সমাধান করতে পারবে।
জুলাইয়ে প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে মাইক্রোসফট প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করেছে। এতে অল্প সময়ের জন্য কোম্পানির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের ওপরে উঠে গেছে। এ ফল প্রমাণ করে, অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও প্রযুক্তি খাতে শক্ত অবস্থান ধরে রেখেছে মাইক্রোসফট।










