উইন্ডোজের ব্লু স্ক্রিন অব ডেথ (বিএসওডি) পুনরায় ডিজাইন করছে মাইক্রোসফট। নতুন ডিজাইনে বিমর্ষ মুখাবয়ব, কিউআর কোড ও ঐতিহ্যবাহী নীল রঙ বাদ দেয়ার পরিকল্পনা চলছে। এর পরিবর্তিত রঙ হতে পারে কালো। খবর-দ্য ভার্জ।

মাইক্রোসফটের ভাষ্য, উইন্ডোজ ১১-এ ব্লু স্ক্রিন অব ডেথ ত্রুটি বার্তার ডিজাইন পরিবর্তন করছে। নতুন ডিজাইনে নীল রঙ, ভ্রুকুটি (ফ্রাউনিং ফেস) ও কিউআর কোড বাদ দেয়া হবে। এর বদলে একটি সরলীকৃত ও আধুনিক স্ক্রিন দেয়া হবে। নতুন স্ক্রিনটি দেখতে অনেকটাই কালো রঙের স্ক্রিনের মতো হবে, যেটি উইন্ডোজ আপডেট করার সময় দেখা যায়। সফটওয়্যার কোম্পানিটি বলছে, এটি একটি ডিজাইন আপডেট, যার লক্ষ্য বিএসওডিকে দেখতে আরো সহজ ও কম ভীতিকর করা। তবে মাইক্রোসফট এখনো নিশ্চিত করেনি যে চূড়ান্ত সংস্করণে নতুন কালো স্ক্রিন থাকবে কিনা।

মাইক্রোসফট এক ব্লগ পোস্টে এ পরিবর্তন সম্পর্কে বলেছে, ‘আমরা অপ্রত্যাশিত পুনঃসূচনার জন্য একটি নতুন, আরো সুবিন্যস্ত ইউআই (ইউজার ইন্টারফেস) পরীক্ষা করে দেখছি। এটি উইন্ডোজ-১১ নকশা নীতির সঙ্গে আরো ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। সেই সঙ্গে ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব উৎপাদনশীলতায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। ডিজাইনটি স্ক্রিনে প্রযুক্তিগত তথ্য সংরক্ষণ করে উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতা আরো সহজ করবে।"উইন্ডোজ ইনসাইডাররা বেটা, ডেভ ও ক্যানারি চ্যানেলের পরীক্ষামূলক সংস্করণগুলোয় নতুন বিএসওডি ব্যবহার করে দেখতে পারে। তবে পরীক্ষামূলক পর্যায়ে এটি সবুজ স্ক্রিন হিসেবে প্রদর্শিত হবে এবং শেষ পর্যন্ত এটি কালো বা নীল স্ক্রিন হিসেবে আসবে। ’

ব্লু স্ক্রিন অব ডেথ হলো মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে প্রদর্শিত একটি ত্রুটি বা সিস্টেম ক্র্যাশের সতর্কীকরণ সংকেত। এটি সাধারণত হার্ডওয়্যার বা সফটওয়্যারের সমস্যা কিংবা অন্য কোনো গুরুতর ত্রুটির কারণে কম্পিউটার চালু হতে বা কাজ করতে পারলে দেখায়। মাইক্রোসফট উইন্ডোজ ৮-এর স্ক্রিনে একটি বিমর্ষ মুখাবয়ব যুক্ত করার পর থেকে এটি বিএসওডিতে প্রথম বড় পরিবর্তন।

মাইক্রোসফট ২০২১ সালে উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণে বিএসওডিকে সংক্ষিপ্তভাবে একটি কালো স্ক্রিনে পরিণত করেছিল। কিন্তু তারপর কোম্পানিটি উইন্ডোজ ৮ থেকে যে নীল স্ক্রিনটি ব্যবহার করে আসছিল, তা আবার ফিরিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, নতুন ডিজাইন উইন্ডোজ ১১-এর সংস্করণ ২৪এইচ২তে উন্মুক্ত করা হবে।