আসন্ন গেমিং কনসোল ‘সুইচ ২’ বিক্রির পূর্বাভাস বাড়িয়েছে নিনতেন্দো। ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে ১ কোটি ৯০ লাখ ইউনিট সুইচ বিক্রির প্রত্যাশা করছে সংস্থাটি, যা আগের ১ কোটি ৫০ লাখের পূর্বাভাসের তুলনায় বেশি। খবর রয়টার্স।
নিনতেন্দো বলছে, নতুন কনসোলটির চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের কিয়োটোভিত্তিক গেমিং কোম্পানিটি বিক্রির পাশাপাশি পুরো বছরের পরিচালন মুনাফার পূর্বাভাস ১৬ শতাংশ বাড়িয়ে ৩৭০ বিলিয়ন ইয়েন (প্রায় ২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার) করেছে। জুনে সুইচ ২ বাজারে আসার পর থেকে বিনিয়োগকারীরা নতুন গেমিং ডিভাইসটির চাহিদা ও বিক্রির গতি পর্যবেক্ষণ করছেন।
নিনতেন্দোর জনপ্রিয় গেমিং কনসোল সুইচের নতুন সংস্করণটি এমন একসময় বাজারে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যযুদ্ধ চলমান। এমন পরিস্থিতিতে কোম্পানির পণ্য উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া ঠিকভাবে বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল বলে জানায় জাপানি কোম্পানিটি।
সেপ্টেম্বরের শেষ নাগাদ ১ কোটি ৩ লাখ ইউনিট ‘সুইচ ২’ বিক্রি করেছে নিনতেন্দো। মারিও কার্ট ওয়ার্ল্ড ও ডাংকি কং ব্যানাঞ্জার মতো জনপ্রিয় গেমের কারণে বিক্রিতে ভালো সাড়া মিলেছে। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-অক্টোবর) কোম্পানির পরিচালন মুনাফার হার কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২ শতাংশে, যা গত বছরের একই সময়ে ছিল ২৩ দশমিক ২ শতাংশ।
বছরের শেষ দিকের কেনাকাটার বড় মৌসুমে বিক্রি বাড়াতে নিনতেন্দো ভরসা রাখছে পোকেমন লিজেন্ডস: জেড-এ ও কার্বি এয়ার রাইডার্সের মতো জনপ্রিয় গেমের ওপর।









