বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হলো বাইন্যান্স। সম্প্রতি ফিলিপাইনের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গুগল ও অ্যাপলকে তাদের অ্যাপ স্টোর থেকে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। খবর সিএনবিসি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারপারসন এমিলিও অ্যাকুইনো বলেন, ‘বাইন্যান্সের ওয়েবসাইট ও অ্যাপগুলো ফিলিপাইনের নাগরিকদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা তহবিলের সুরক্ষার ক্ষেত্রে হুমকি তৈরি করছে।’
এসইসি অভিযোগ করছে, ক্রিপ্টো বিনিয়োগ ও ক্রিপ্টো ট্রেডিংয়ে বাইন্যান্সের কার্যক্রম মূলত এতদিন অবৈধ ছিল কারণ বাইন্যান্স ফিলিপাইনের সিকিউরিটিজ আইনের অধীনে প্রয়োজনীয় নিবন্ধকরণ এবং লাইসেন্স করেনি।
এমিলিও অ্যাকুইনো আরো বলেন, ‘বাইন্যান্স ব্লক করা হলে সেটা দেশের ক্রিপ্টোকারেন্সিভিত্তিক অবৈধ কার্যক্রম রোধে সহায়তা করবে। পাশাপাশি ফিলিপাইনের অর্থনীতিতেও এর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাবে।’
ফিলিপাইনের টেলিযোগাযোগ কমিশন এর আগে দেশটিতে বাইন্যান্স ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধ করার পদক্ষেপ নিয়েছিল। গত বছরের নভেম্বরে ফিলিপাইনের এসইসি বাইন্যান্সের পরিষেবাগুলো ব্লক করার কাজ শুরু করে। এর আগে দেশটি নাগরিকদের বাইন্যান্স ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছিল সংস্থাটি।










