অনলাইনে বর্তমানে মানুষের তুলনায় স্বয়ংক্রিয় প্রোগ্রাম বা বটের আনাগোনা বেশি বলে জানা গেছে নতুন এক গবেষণায়। সফটওয়্যার কোম্পানি রাডওয়ারের ২০২৫ সালের ই-কমার্স বট থ্রেট প্রতিবেদন বলছে, ২০২৪ সালের ছুটির মৌসুমে অনলাইন শপগুলোয় যত ভিজিট হয়েছে, তার বেশির ভাগই ছিল বটের। খবর টেকরাডার।

প্রথমবারের মতো দেখা গেছে যে অনলাইনে মোট ভিজিটের ৫৭ শতাংশই ছিল স্বয়ংক্রিয় প্রোগ্রামের, যা মানুষের আনাগোনার চেয়েও বেশি। এসব বটের মধ্যে ছিল সাধারণ স্ক্রিপ্ট থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিজিটাল এজেন্টও।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্ষতিকর বটগুলো দিন দিন আরো চালাক হয়ে উঠছে। প্রায় ৬০ শতাংশ বট হুবহু মানুষের মতোই আচরণ করে। তারা বারবার ইন্টারনেট প্রটোকল বা আইপি ঠিকানা ও পরিচয় বদলায়, ক্যাপচা উতরানোর জন্য বিশেষ পদ্ধতি (ক্যাপচা ফার্ম) ব্যবহার করে মানুষের মতো ওয়েবসাইটে ঘোরাঘুরি করে। ফলে এ ধরনের বটগুলোকে সহজে চিহ্নিত করা কঠিন।

এসব বট ঠেকাতে দরকার উন্নত প্রযুক্তি, যেমন এআইচালিত সিকিউরিটি সিস্টেম, যা নিজে নিজেই শিখে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এজন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তাদের পুরনো নিরাপত্তা ব্যবস্থা বাদ দিয়ে উন্নত ডিডিওএস সুরক্ষা ও বুদ্ধিমান ট্র্যাফিক নিরীক্ষণের মতো সমাধান খুঁজে বের করতে হবে।

রাডওয়ারের সাইবার থ্রেট ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট রন মেরান বলেন, ‘ক্ষতিকর বটগুলো এখন আর সাধারণ স্ক্রিপ্টের মতো নেই। এগুলো এখন অত্যাধুনিক, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এজেন্ট, যা পুরনো দিনের সুরক্ষা ব্যবস্থাকেও বোকা বানাতে সক্ষম।’

তিনি জানান, যেসব ই-কমার্স প্লাটফর্ম ও অনলাইন বিক্রেতারা পুরনো নিরাপত্তা ব্যবস্থার ওপর ভরসা করছে, তারা সবসময়ই ঝুঁকির মধ্যে রয়েছে।

২০২৩-২৪ সালের ছুটির মৌসুমে মোবাইলে বটগুলোর আনাগোনা ১৬০ শতাংশ বেড়েছে। হ্যাকাররা মোবাইল এমুলেটর আর হেডলেস ব্রাউজার ব্যবহার করছে। তাই তাদের অনেক সময় আসল ব্যবহারকারী মনে হয়।

আরো উদ্বেগের বিষয় হলো এখন এসব ক্ষতিকর বট সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর মতো আচরণ করছে। তারা রেসিডেনশিয়াল প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করছে, যার ফলে আক্রমণাত্মক ট্র্যাফিক ৩২ শতাংশ বেড়েছে। এ কারণে অনেক ই-কমার্স সাইটের জন্য রেট-লিমিটিং বা জিও-ফেন্সিং কৌশল ব্যবহার করা এখন কঠিন হয়ে গেছে।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো এখন অনেক বট একসঙ্গে নানা রকম আক্রমণ চালাচ্ছে। তারা একদিকে যেমন তথ্য চুরি করছে, আবার চুরি করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছে। এমনকি কেউ কেউ পুরো ওয়েবসাইট অচল করে দেয়ার মতো হামলাও চালাচ্ছে।

যারা সহজ ধরনের ই-কমার্স প্লাটফর্ম বা ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করেন, তাদের জন্য এ হুমকি আরো বড় হতে পারে। কারণ এখন আক্রমণের ধরন বদলে যাচ্ছে। তাই নিরাপত্তা ব্যবস্থাও সে অনুযায়ী বদলাতে হবে। বিশেষ করে মোবাইল প্লাটফর্মের জন্য আলাদা ও শক্ত নিরাপত্তা নেয়া খুব জরুরি। তা না হলে এ আধুনিক বটগুলো থামানো কঠিন হয়ে যাবে।