হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। তবে প্রাথমিকভাবে শুধু টেক্সট মেসেজ দেয়া যাবে। ছবি বা ভিডিওর মতো মিডিয়া ফাইল পাঠানো যাবে না। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী প্লাটফর্ম ওয়াবেটাইনফোর এক পোস্টে বলা হয়েছে, ‘গেস্ট চ্যাট’ নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা এমন ব্যক্তিদের টেক্সট মেসেজ পাঠাতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই। ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে দেখা গেছে। যদিও সুবিধাটি কবে উন্মুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যার সঙ্গে কথা বলতে চান, তাকে প্রথমে আমন্ত্রণ পাঠিয়ে গেস্ট চ্যাট শুরু করতে পারবেন। আমন্ত্রণ পাওয়া ব্যক্তির ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল না থাকলেও ফিচারটি কাজ করবে। আমন্ত্রণের সঙ্গে একটি লিংক থাকবে। এটি ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের জন্য চ্যাট উইন্ডো খুলে যাবে।

ফোন এরেনার প্রতিবেদন বলছে, বিদেশে ভ্রমণের সময় অনেক সময় স্থানীয় কারো সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। কিন্তু অন্যজন যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার না করে তাহলে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি সহায়ক হতে পারে। ব্যবহারকারী শুধু একটি লিংক পাঠালেই অন্য কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই নিরাপদে আলাপ শুরু করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গেস্ট চ্যাট যেহেতু সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপের মধ্যেই পরিচালিত হবে, তাই ফিচারটি আরো নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবহারকারীর সুবিধা বিবেচনায় সম্প্রতি বেশকিছু নতুন ফিচার ও হালনাগাদ নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। স্মার্টফোন ও অ্যাপ ব্যবহারের হার বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এসএমএসের চেয়ে কম খরচের অ্যাপ ব্যবহার করতে শুরু করেছে। এর মধ্যে এগিয়ে আছে হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের মে পর্যন্ত ব্যবহারকারীর দিক থেকে বিশ্বব্যাপী মেসেজিং অ্যাপের তালিকায় সর্বোচ্চ স্থানে আছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৩০০ কোটি।