বর্তমান ডিজিটাল যুগে অনলাইন কেনাকাটা একটি জনপ্রিয় ও সুবিধাজনক পদ্ধতি হয়ে উঠেছে। মানুষ এখন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস দরজা খুললেই পেয়ে যাচ্ছে। ফলে অনেকটা সাশ্রয় হচ্ছে সময় ও পরিশ্রম। তবে অনলাইনে যেহেতু সামনে থেকে দেখে ও হাতে ধরে পণ্য কেনা যায় না, তাই প্রতারণাও দিন দিন বাড়ছে। বিশেষ করে অনলাইন কেনাকাটা সোশ্যাল মিডিয়াভিত্তিক হওয়ার পর থেকে এ প্রবণতা আরো বেড়েছে। সঠিক পণ্য না দেয়া, ত্রুটিপূর্ণ জিনিস দেয়া, অগ্রিম টাকা নিয়ে পার্সেল ডেলিভারি না করার মতো হাজারো অভিযোগ ঘুরছে অনলাইনের বিভিন্ন গ্রুপ ও পেজে। তাই প্রতারণা ও পরবর্তী ঝামেলা এড়াতে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় শপিংয়ের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। এ বিষয়ে কিছু টিপস দিয়েছেন মাইক্রোসফটের বিশেষজ্ঞরা—
নির্ভরযোগ্য ওয়েবসাইট: অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত কোনো ওয়েবসাইট বা একদম নতুন কোনো সোশ্যাল মিডিয়া পেজ ব্যবহার না করাই উত্তম। কেবল পরিচিত ও বিশ্বস্ত ওয়েবসাইট বা অ্যাপ থেকে কেনাকাটা করা উচিত।
রেটিংস দেখা: যেকোনো ওয়েবসাইট বা পেজে ঢুকে আগে গ্রাহকদের রিভিউ ও রেটিং দেখে নেয়া জরুরি। অনলাইন স্টোরটির ফেসবুক পেজে ফোলোয়ারস কেমন, পোস্টের কমেন্টগুলো ইতিবাচক ও বিশ্বাসযোগ্য কিনা তাও যাচাই করে নিতে হবে।
সতর্কতার সঙ্গে পেমেন্ট: অনেক ওয়েবসাইট ও অনলাইন স্টোর অগ্রিম অর্থ প্রদানের জন্য অনুরোধ করতে পারে। বিক্রেতা বিশ্বস্ত না হলে এগুলো এড়িয়ে যাওয়াই ভালো। অনলাইনে কেনাকাটায় সবচেয়ে উত্তম পেমেন্টের পদ্ধতি হলো ক্যাশ অন ডেলিভারি বা পণ্য হাতে পেয়ে অর্থ পরিশোধ। পার্সেল গ্রহণের সঙ্গে সঙ্গে পণ্যটি ভালো করে দেখে নিতে হবে, এরপর পেমেন্ট করতে হবে।
পণ্যের বিবরণ ও ছবি ভালোভাবে দেখে নেয়া: পণ্য হাতে পাওয়ার পর অনেক সময়ই এমন হয় যে ওয়েবসাইটের ছবির সঙ্গে প্রকৃত বস্তুর কোনো মিল নেই। তাই যে কোনোকিছু কেনার আগে বিবরণ, প্রকৃত ছবি, মূল্য ও বিক্রেতার তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে। যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয়, তাহলে কেনাকাটা থেকে বিরত থাকাই ভালো।
কোম্পানির ডেলিভারি নীতি জানা: পণ্য কয়দিনের মধ্যে ডেলিভারি দেয়া হবে, পেমেন্ট সিস্টেম কেমন, পণ্য ফেরত দেয়ার ক্ষেত্রে তাদের নিয়ম কী, এ বিষয়গুলো নিশ্চিত হতে হবে। কিছু স্টোরে পণ্য ফিরিয়ে দেয়া বা পরিবর্তন করার বিকল্প থাকে। ফলে ভুল বা ত্রুটিপূর্ণ পার্সেল ফিরিয়ে দেয়া যায়। অবশ্য অনেক ক্রেতা এর সুবিধা নিয়ে বিক্রেতাকেও হয়রানি করতে পারেন। তাই অনেক অনলাইন স্টোরে রিটার্ন পলিসি থাকে না।
ভুয়া অফার থেকে সাবধান: অতিরিক্ত ডিসকাউন্ট বা ‘ফ্রি অফার’ দেখলে সতর্ক হতে হবে। কারণ এগুলো অনেক সময় প্রতারণার অংশ হতে পারে। এসব মূল্যছাড়ের পেছনে অনেক সময় পণ্যের প্রকৃত অবস্থা বা গুণগত মান নিয়ে প্রশ্ন থেকে যায়।










