বহুল প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্সের মুক্তি ফের পেছাল। প্রকাশক ও ডেভেলপার রকস্টার গেমস জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী গেমটি প্রকাশ পাবে ২০২৬ সালের ১৯ নভেম্বরে। এর আগে মুক্তির তারিখ ছিল ২০২৬ সালের ২৬ মে। অর্থাৎ গেমটির উন্মোচন ছয় মাস পিছিয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
রকস্টার গেমসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘আমরা বুঝতে পারছি এ দীর্ঘ অপেক্ষা গেমপ্রেমীদের জন্য কঠিন। তবে অতিরিক্ত সময় আমাদের গেমটি আরো নিখুঁতভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। ধৈর্য ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’
প্রতিষ্ঠানটি আরো বলেছে, গেমের মান ও প্রযুক্তিগত পরিপূর্ণতা নিশ্চিত করতেই প্রকাশের সময় পেছানো হয়েছে। তারা চান গেমাররা যেন প্রত্যাশার চেয়েও উন্নত অভিজ্ঞতা পান। তাই অতিরিক্ত এ সময় প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।
এ নিয়ে জিটিএ সিক্সের মুক্তির দিন দ্বিতীয়বারের মতো পেছাল। গেমটির প্রথম ঘোষণা ২০২৩ সালের ডিসেম্বরে দিয়েছিল কোম্পানিটি। তখন প্রকাশিত ট্রেলারটি ইউটিউবে ২৬ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছিল। সে সময় গেমটি ২০২৫ সালে প্রকাশের কথা জানানো হলেও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। পরের বছর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের আর্থিক প্রতিবেদনে বলা হয়, গেমটি মুক্তি পাবে ২০২৫ সালের শেষ ভাগে। কিন্তু চলতি বছরের মে মাসে রকস্টার নতুন ঘোষণা দিয়েছে যে জিটিএ সিক্স প্রকাশ পাবে ২০২৬ সালের মে মাসে।
এখন নতুন ঘোষণায় সেই সময়ও আরো ছয় মাস পেছানো হলো। বিশ্লেষকদের মতে, এটি পুরো ভিডিও গেম শিল্পে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সনি ও ইনসমনিয়াক গেমসের ‘মার্ভেলস উলভারিন’ গেমটি একই সময়ে প্রকাশের পরিকল্পনা থাকায় এর সূচিও বদলাতে পারে।
গেম বিশেষজ্ঞরা মনে করছেন, জিটিএ সিক্সের মুক্তি পেছানো পুরো ভিডিও গেম শিল্পের সময়সূচি ও বাজার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। কারণ অন্য অনেক প্রকাশক তাদের নতুন গেমের মুক্তির সময় জিটিএ সিক্সের সঙ্গে সংঘাত এড়াতে পরিবর্তন করতে পারে। বিশেষ করে সনি ও ইনসমনিয়াক গেমসের ‘মার্ভেলস উলভারিন’ গেমটি একই সময়ে প্রকাশের পরিকল্পনা থাকায় সেটির মুক্তিও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।









