কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পরিচালনার জন্য দ্রুতগতির ডাটা সংযোগ নিশ্চিত করতে একজোট হয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো। মেটা, এনভিডিয়া, ওপেনএআই, এএমডি ও সিসকো মিলে নতুন উদ্যোগ ‘ইথারনেট ফর স্কেল-আপ নেটওয়ার্কিং’ (ইএসইউএন) শুরু করেছে। এটি পরিচালনা করছে ওপেন কম্পিউট প্রজেক্ট (ওসিপি)। খবর টেক রাডার।
প্রকল্পটির লক্ষ্য বড় আকারের এআই ক্লাস্টারের জন্য আরো শক্তিশালী ও দ্রুত নেটওয়ার্ক তৈরি করা। এআই ক্লাস্টার বলতে বোঝায় এমন একটি অবকাঠামো, যেখানে বহু সার্ভার ও প্রসেসর একসঙ্গে যুক্ত থাকে। এগুলো বিশাল পরিমাণ ডাটা দ্রুত প্রক্রিয়াকরণ করতে সক্ষম।
উদ্যোগটিতে আরো যুক্ত হয়েছে অ্যারিস্তা, এআরএম, ব্রডকম, এইচপিই নেটওয়ার্কিং, মারভেল, মাইক্রোসফট ও ওরাকল। বর্তমানে এআই অবকাঠামোর প্রায় ৮০ শতাংশ সংযোগ নির্ভর করছে ইনফিনিব্যান্ড নামের প্রযুক্তির ওপর। ইএসইউএন সে প্রযুক্তির বিকল্প হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন, ইথারনেট প্রযুক্তির পরিপক্বতা, কম খরচ ও সহজ সমন্বয় এটিকে বড় আকারের এআই ক্লাস্টারের জন্য উপযোগী করে তুলেছে।
ইএসইউএন দলের মতে, ইথারনেট প্রযুক্তি ব্যবহার করলে নেটওয়ার্ক ব্যবস্থাপনা সহজ হবে। কারণ ইঞ্জিনিয়াররা আগে থেকেই এ প্রযুক্তির সঙ্গে পরিচিত। এতে বড় অবকাঠামো বাড়ানো সহজ হবে এবং ব্যয়ও কমবে। ওপেন সিস্টেম হিসেবে ইথারনেট মালিকানাভিত্তিক প্রযুক্তির একটি কার্যকর বিকল্প হতে পারে।
ওসিপি জানিয়েছে, এ উদ্যোগ তাদের আগের সু-ট্রান্সপোর্ট প্রোগ্রামের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। নতুন মান নির্ধারণে অংশীদাররা নিয়মিত বৈঠক করবে। এতে সুইচের প্রোটোকল হেডার, ত্রুটি ব্যবস্থাপনা ও তথ্য হারানো রোধে মান নির্ধারণ করা হবে। পাশাপাশি জিপিইউ-নির্ভর সিস্টেমে লোড ব্যালান্সিং ও মেমরি অর্ডারিং কীভাবে প্রভাবিত হয়, সেটিও পরীক্ষা করা হবে।
দলটি আল্ট্রা ইথারনেট কনসোর্টিয়াম ও আইইইই ৮০২ দশমিক ৩-এর সঙ্গে সমন্বয় করবে, যাতে বৈশ্বিক ইথারনেট মানের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান এআই অবকাঠামো সম্প্রসারণের জন্য ইথারনেটভিত্তিক পণ্য তৈরি করেছে। এর মধ্যে রয়েছে ব্রডকমের টমাহক আল্ট্রা সুইচ, যা প্রতি সেকেন্ডে ৭ হাজার ৭০০ কোটি প্যাকেট পরিচালনা করতে সক্ষম। এছাড়া এনভিডিয়ার স্পেকট্রাম-এক্স প্লাটফর্ম ইথারনেট ও এক্সিলারেশন হার্ডওয়্যার একত্রে ব্যবহার করছে।
মেটা ২০১১ সালে ওপেন কম্পিউট প্রজেক্টের সহপ্রতিষ্ঠাতা। সংস্থাটি ইএসইউএনকে তাদের ওপেন হার্ডওয়্যার উদ্যোগের স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে দেখছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইনফিনিব্যান্ড প্রযুক্তিকে প্রতিস্থাপন করা সহজ নয়। কারণ এআই নেটওয়ার্কে গতি (ল্যাটেন্সি) ও নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।










