মাঝেমধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কিছু কাজকারবার দেখে মনে হতে পারে মালিকের কথা শুনতে অস্বীকৃতি জানিয়েছে। নিজে থেকেই বিভিন্ন অ্যাপ চালু করছে, কি-বোর্ডে হাবিজাবি লিখছে অথবা হুটহাট কারো কাছে কল চলে যাচ্ছে নয়তো কল রিসিভ করছে। এসব সমস্যা হয়ে থাকলে বুঝতে হবে স্মার্টফোন ‘ঘোস্ট টাচে’ আক্রান্ত। সমস্যাটি বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। যদিও এর একক কোনো সমাধান নেই। সমাধান করতে একাধিক পদ্ধতি প্রয়োগ করে দেখার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে মেক ইউজ অবের প্রতিবেদনে উল্লেখ করা পরামর্শ অবলম্বন করা যেতে পারে।
চার্জার ও কেবল পরিবর্তন
ফোনে চার্জ দেয়ার সময় ঘোস্ট টাচ সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। নিম্নমানের চার্জার ও কেবল ব্যবহার করলে এমনটা হতে পারে। চার্জার বা কেবলের কারণে সমস্যাটি হচ্ছে কিনা তা যাচাই করতে ভালোমানের চার্জার বা কেবল ব্যবহার করে দেখা যেতে পারে। তবে যেকোনো পরিস্থিতিতে অফিশিয়াল চার্জার ও কেবল ব্যবহারের পরামর্শ দেন প্রযুক্তিবিদরা।
নিয়মমাফিক স্ক্রিন পরিষ্কার
ফোন যতক্ষণ ব্যবহার হচ্ছে ততক্ষণই কোনো না কোনোভাবে স্ক্রিনে হাতের স্পর্শ লাগছে। এতে আঙুলের ছাপের পাশাপাশি অন্যান্য ময়লাও লাগার আশঙ্কা থাকে। তাছাড়া পকেট, ব্যাগ বা আবদ্ধ জায়গায় রাখলে ফোনে সূক্ষ্ম ময়লা বা ধূলিকণা লেগে যায়। এতে সমস্যাটি দেখা দিতে পারে। এজন্য নিয়ম করে ফোনের স্ক্রিন পরিষ্কার করা জরুরি। বাজারে স্ক্রিন পরিষ্কার করার তরল পাওয়া যায়। হাতের কাছে তা না থাকলে ফোন বন্ধ করে প্রথমে নরম কাপড় হালকা ভিজিয়ে নিয়ে এবং এরপর শুকনা নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে।
স্ক্রিন প্রটেক্টর পরিবর্তন
স্ক্রিনকে অতিরিক্ত সুরক্ষা দিতে প্রটেক্টর ব্যবহার করা হয়। তবে এর কারণে কখনো ঘোস্ট টাচ সমস্যা দেখা দিতে পারে। নিম্নমানের প্রটেক্টর ব্যবহার করলে বা একই প্রটেক্টর বছরের পর বছর ব্যবহার করলে এমনটা হতে পারে। তাছাড়া লাগানোর সময় বাতাস ঢুকে বুদ্বুদ তৈরি হলেও সমস্যাটি হতে পারে। ভালোমানের প্রটেক্টর লাগিয়ে নিলে দীর্ঘদিন নিশ্চিন্তে থাকা সম্ভব।
অতিরিক্ত তাপ থেকে রক্ষা
অতিরিক্ত তাপ থেকে ফোনের অনেক সমস্যা দেখা দিতে পারে। অতিমাত্রায় গরম হলে ফোন সুনির্দিষ্টভাবে স্পর্শ নির্ধারণ নাও করতে পারে। এজন্য দীর্ঘসময় এবং সরাসরি সূর্যের আলোয় ফোন ব্যবহার না করা শ্রেয়।
সফটওয়্যার আপডেট
খুব কম ক্ষেত্রেই সফটওয়্যারের কারণে সমস্যাটি দেখা দেয়। তবে দেখা দিলে ফোনের অ্যাপের পাশাপাশি সফটওয়্যার আপডেট করা যেতে পারে। ব্র্যান্ডভেদে ফোনের ‘সফটওয়্যার আপডেট’ অপশন ভিন্ন হতে পারে। সেটিংস অ্যাপে নিচের দিকে অথবা ‘অ্যাবাউট ফোন’ সেকশনে অপশনটি পাওয়া যাবে। সেখান থেকে ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ নির্বাচন করলে কিছুটা সময় পর কাজ হয়ে যাবে।
ফ্যাক্টরি ডাটা রিসেট
অনেক সমস্যার সমাধান হিসেবে কাজ করে ফ্যাক্টরি ডাটা রিসেট। সফটওয়্যার আপডেটের পরও ঘোস্ট টাচ ঠিক না হলে পদ্ধতিটি চেষ্টা করা যেতে পারে। সেটিংস অ্যাপে ‘জেনারেল ম্যানেজমেন্ট’ থেকে অপশনটি পাওয়া যাবে।
সার্ভিস সেন্টার
উল্লিখিত উপায়গুলো প্রয়োগ করার পরও সমস্যার সমাধান না হলে ফোন সার্ভিস সেন্টারে নিতে হবে। সেখানে স্ক্রিন পরিবর্তনসহ প্রয়োজনীয় মেরামতের কাজ করে নিলে ঘোস্ট টাচ সমস্যার সমাধান পাওয়া যাবে।










