চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের (টিএসএমসি) আয় প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এ সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপের ক্রমর্ধমান শক্তিশালী চাহিদা। খবর রয়টার্স।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চুক্তিভিত্তিক এ চিপ নির্মাতার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয় পৌঁছেছে ২ হাজার ৩৫০ কোটি ডলারে, যা বিশ্লেষক ও বিনিয়োগকারীদের অনুমান করা ২ হাজার ৩৩০ কোটি ডলারকে ছাড়িয়ে গেছে। সংখ্যাটি গত বছরের একই সময়ের ১ হাজার ৭৩০ কোটি ডলারের তুলনায় ৩৬ দশমিক ৫ শতাংশ বেশি। সেপ্টেম্বরে কোম্পানিটির আয় হয়েছে ৭৮১ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
রয়টার্সের তথ্যানুযায়ী, আগে জুলাইয়ে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আয় ২ হাজার ২৪০ কোটি থেকে ২ হাজার ৩২০ কোটি ডলারের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল। তবে, প্রকৃত আয় এর পূর্বাভাসকেও অতিক্রম করেছে। তারা বলছে, এ প্রবৃদ্ধির মূল কারণ কোম্পানির উন্নত চিপ উৎপাদনে অংশগ্রহণ, যা এআই অবকাঠামোর জন্য ব্যবহৃত হয়। তাদের প্রধান ক্লায়েন্টদের মধ্যে রয়েছে অ্যাপল ও এনভিডিয়া।
টিএসএমসি আরো জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের মধ্যে নয় মাসে কোম্পানির আয় ৬ হাজার ২৮১ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৯ শতাংশ বেশি। এদিকে মহামারী-পরবর্তী সময় চিপের চাহিদায় হ্রাস হওয়া সত্ত্বেও টিএসএমসির পারফরম্যান্স শক্তিশালী ছিল। এআই সম্পর্কিত ক্রয়াদেশগুলোয় ২০২০ সাল থেকে টিএসএমসির বিক্রয় দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে।
এর আগে চলতি বছর দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) প্রতিবেদন প্রকাশের পর টিএসএমসি জানায়, আয় বাড়লে নিজেদের পণ্যের দাম বাড়াবে। টিএসএমসির চেয়ারম্যান ও সিইও সিসি ওয়ে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের জানান, টিএসএমসির ভবিষ্যৎ চিপগুলোর আরো জটিল প্রক্রিয়া, বৈশ্বিক ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ, অন্যান্য খরচ ও সম্প্রতি তাইওয়ানে বিদ্যুতের দাম বাড়ায় এ পরিকল্পনা নেয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছে, এ সিদ্ধান্তের ফলে টিএসএমসির সেমিকন্ডাক্টর ব্যবহারকারী অ্যাপল, ইন্টেল ও এনভিডিয়াসহ আরো অনেক কোম্পানির ডিভাইসের দাম বেড়ে যেতে পারে।
রয়টার্স বলছে, টিএসএমসির এআই চিপ বাজারে শীর্ষ স্থানে রয়েছে। কিন্তু এর প্রতিযোগীরা, যেমন ইন্টেল ও স্যামসাং টিএসএমসির মতো উন্নত চিপ তৈরির দক্ষতার সঙ্গে তাল মিলাতে হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের ভাষ্য, এআই প্রযুক্তির ক্রমবর্ধমান বাজারের সুবিধা নিতে পারছে না কোম্পানিগুলো।










