কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিন দিন আরো উন্নত হচ্ছে। ব্যবসা ও সংস্থায় বিপুল পরিমাণ ডাটা বিশ্লেষণে ব্যবহার হচ্ছে এআই। ফলে ব্যবহারকারীর তথ্য কীভাবে ও কতদিন তাদের কাছে সংরক্ষিত থাকবে, তা ভবিষ্যদ্বাণী করা কঠিন। ব্যবহারকারী যদি এআই পরিচালনায় স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তবে এটি আরো একটি কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। তাই এআই আপনার কতটা ডাটা ধারণ ও প্রক্রিয়াজাত করতে পারে তার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে।
এআই-চালিত বিশ্বে গোপনীয়তা রক্ষা করতে নিতে পারেন এই পাঁচ পদক্ষেপ
আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট, যেমন ছবি ও ব্যক্তিগত তথ্য সম্পর্কে সচেতন থাকুন—
এআইয়ের সঙ্গে সম্পর্কিত গোপনীয়তার ঝুঁকি কমাতে আপনি যা করতে পারেন, তার মধ্যে সবচেয়ে কার্যকর হলো অনলাইনে কিছু শেয়ার করার আগে দুবার ভাবা। প্রয়োজনের তুলনায় বেশি তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
ডাটা ব্রোকারের সংস্পর্শ সীমিত করুন—
অনেকেই জানেন না যে ডাটা ব্রোকার নামে কিছু কোম্পানি রয়েছে, যারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে। এ তথ্যগুলোয় আপনার আয়, স্বাস্থ্যের অবস্থা ও অনলাইন আচরণের মতো সংবেদনশীল বিবরণ অন্তর্ভুক্ত থাকতে পারে। এ প্রক্রিয়ায় এআই অ্যালগরিদমও ব্যবহার হতে পারে, যা ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে ও বিভিন্ন উদ্দেশ্যে তা ব্যবহার করে। তবে আপনার তথ্যকে এ ধরনের বিক্রি বা শেয়ারিং থেকে রক্ষা করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই, ডাটা ব্রোকারদের আপনার ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা ও তা বিক্রি বন্ধ করার জন্য অনুরোধ করার অধিকার রয়েছে। এর জন্য আপনাকে একটি অপ্ট-আউট অনুরোধ জমা দিতে হবে।
অনলাইন নিরাপত্তা জোরদার করুন—
আপনার ব্যক্তিগত তথ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ রোধ করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। এজন্য সিম্বল, নাম্বার, আপার ও লোয়ারকেস অক্ষর ব্যবহার করতে হবে। পাশাপাশি অপশন থাকলে বায়োমেট্রিক অথেনটিকেশন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেশিয়াল রিকগনিশন ব্যবহার করতে হবে। আপনার অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ও শক্তিশালী অ্যান্টিভাইরাস একটি অত্যন্ত কার্যকর পন্থা। বিপজ্জনক পপআপ বিজ্ঞাপন প্রতিরোধ করতে এবং কোম্পানিগুলোকে আপনার অনলাইন আচরণ ট্র্যাক করা থেকে বিরত রাখতে বিজ্ঞাপন-ব্লকিং ও পপআপ ব্লকিং সফটওয়্যার ব্যবহার করুন।
গোপনীয়তা রক্ষা করে এমন সার্চ ইঞ্জিন ব্যবহার করুন—
কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, যারা প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করে ও পরবর্তী সময় তা ডাটা ব্রোকারদের মতো আচরণ করে। জনপ্রিয় হলেও সেসব সার্চ ইঞ্জিন এড়িয়ে চলুন। গোপনীয়তা ও তথ্য সুরক্ষা দেয় এমন পরিষেবা প্রতিষ্ঠান খুঁজে বের করুন।
এআই গোপনীয়তা বিধি সম্পর্কে অবগত থাকুন—
অধিকার সম্পর্কে না জানলে আপনি কার্যকরভাবে আপনার ডাটার গোপনীয়তা রক্ষা করতে পারবেন না। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ক্রমাগত আইন তৈরি করে চলেছে, সে বিষয়ে খোঁজখবর রাখতে পারেন।
—টেক টাইমস অবলম্বনে










