যুক্তরাষ্ট্রের একটি আদালতের রায়ের পর আলফাবেট ইনকরপোরেটেড মালিকানাধীন টেক জায়ান্ট গুগলকে ভেঙে ছোট ছোট কোম্পানিতে পরিণত করা যায় কিনা তা পর্যালোচনা করে দেখছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে যে অনলাইন সার্চ মার্কেটে গুগল অবৈধভাবে একচেটিয়া আধিপত্য তৈরি করেছে। খবর ফার্স্টপোস্ট।

ডিওজের কর্মকর্তারা জানান, কোম্পানিটিকে ভেঙে দেয়াটা পর্যালোচনার একটি অংশমাত্র। পাশাপাশি কয়েকটি বিষয় নিয়েও ভেবে দেখছেন তারা। গুগলের সার্চ ইঞ্জিন যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তাই প্রযুক্তি দুনিয়ায় অন্যান্য কোম্পানির সঙ্গে তথ্য ভাগাভাগি করা যায় কিনা তা ভেবে দেখা যেতে পারে। তাছাড়া বিস্তর এ তথ্যভাণ্ডার ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে গুগল যে আধিপত্য বিস্তার করেছে তা অপসারণে আইন করা যেতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, গুগল এককভাবে যেসব সেবা দিয়ে থাকে এ ধরনের চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মার্কিন সরকার। এদিকে কোম্পানিটি ভেঙে দেয়ার বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নিলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও ক্রোম ওয়েব ব্রাউজার প্রথম সারিতে থাকবে। পাশাপাশি প্রতিবেদনটিতে বলা হয়েছে, গুগল অ্যাডস বিক্রি করতে বাধ্য করা হতে পারে।

সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপনের ক্ষেত্রে গুগল বেআইনিভাবে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে বলে ৫ আগস্ট রায় দেন বিচারক অমিত মেহতা। এরপর বিচার বিভাগে গুগলের বিষয়টি আলোচনায় আসে। গুগল অবশ্য এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। এদিকে অমিত মেহতা মামলার পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।