প্রযুক্তি জায়ান্ট গুগলের অনলাইন বিজ্ঞাপনের ব্যবসা থাকবে নাকি ভেঙে যাবে তা এখন নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এ সিদ্ধান্তের ফলে কোম্পানিটির সবচেয়ে লাভজনক এ খাতের ওপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনগ্যাজেট ও নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ (ডিওজে) বেশ কয়েকটি রাজ্য বিচারক লিওনি ব্রিঙ্কেমারের আদালতে অভিযোগ করেছে, গুগল অনলাইন বিজ্ঞাপন বাজারে অবৈধভাবে আধিপত্য খাটিয়ে একচেটিয়া ব্যবসা এবং প্রতিযোগীদের সুযোগ সীমিত করছে।
গত শুক্রবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার এক আদালতে বিচারক লিওনি ব্রিঙ্কেমার সামনে উভয় পক্ষ তাদের চূড়ান্ত বক্তব্য উপস্থাপন করেছে। রাষ্ট্রপক্ষের দাবি, গুগলকে তার অ্যাড এক্সচেঞ্জ (এডিএক্স) বিক্রি করতে বাধ্য করা উচিত। এডিএক্স হলো এমন একটি প্লাটফর্ম, যেখানে অনলাইন প্রকাশকরা বিজ্ঞাপন বিক্রি করে এবং গুগল কমিশন নেয়। রাষ্ট্রপক্ষের মতে, কেবল এ ব্যবসার বিক্রি বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনতে এবং গুগলের একচেটিয়াভিত্তিক আধিপত্য কমাতে পারে।
ডিওজের আইনজীবী ম্যাথিউ হুপার্ট আদালতে বলেন, ‘একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ওয়েবের ভবিষ্যৎ গড়ার জন্য গুগলের অনলাইন ব্যবসা বিক্রি করে দেয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। গুগলের আধিপত্যের কারণে এটি বিজ্ঞাপন লেনদেন থেকে বেশি কমিশন নেয় এবং প্রতিদ্বন্দ্বীদের সুযোগ সীমিত করে দেয়।
অন্যদিকে গুগলের পক্ষের প্রধান আইনজীবী ক্যারেন ডান্ন যুক্তি বলেন, ‘ব্যবসা ভাঙার সিদ্ধান্ত অত্যন্ত চরম এবং প্রযুক্তিগতভাবে জটিল, যা গ্রাহক, প্রকাশক ও বিজ্ঞাপনদাতাদের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে গুগল কিছু সীমিত পরিবর্তনের প্রস্তাব করেছে। যেমন নিলামসংক্রান্ত আরো তথ্য দেয়া এবং প্রতিদ্বন্দ্বীদের বিজ্ঞাপন টুল ব্যবহার সহজ করা, যা দ্রুত প্রতিযোগিতায় ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।’
বিচারক ব্রিঙ্কেমা বলেন, গুগল আপিল করলে যেকোনো আদেশ বিলম্বিত হতে পারে, তবে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি।
মামলাটি আধুনিক সময়ের এক বড় প্রযুক্তি কোম্পানিকে তার গুরুত্বপূর্ণ ব্যবসার অংশ বিক্রি করতে বাধ্য করার প্রথম ঘটনা হিসেবে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে। গুগল এর আগে ক্রোম ব্রাউজার-সংক্রান্ত একটি মামলায় নিজের হিস্যা বিক্রি করে দেয়ার শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞাপন প্রযুক্তি মামলা গুগলকে কাঠামোগত কার্যকর পদক্ষেপ নেয়ার স্পষ্ট সুযোগ তৈরি করে দিয়েছে।
রায়টির সিদ্ধান্ত আগামী বছর আসতে পারে বলে আশা করা হচ্ছে। এটি অনলাইন বিজ্ঞাপন শিল্পকে পরিবর্তন করতে পারে। গুগলের বৈশ্বিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এবং অ্যাপল, অ্যামাজন ও মেটার মতো অন্যান্য প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে চলমান প্রতিযোগিতামূলক মামলায় দিকনির্দেশনা হতে পারে।










