দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর অবশেষে আইপ্যাডের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ চালু করেছে মেটা। গত ৩ সেপ্টেম্বর থেকে আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে পারছেন। এটি বিশেষভাবে আইপ্যাডের জন্য তৈরি হওয়ায় মোবাইল সংস্করণের তুলনায় কিছুটা ভিন্নতা রয়েছে। খবর দ্য ভার্জ।

আইপ্যাড সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তন হলো, ব্যবহারকারীরা অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই রিলের ফিড দেখতে পারবেন। মূলত টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ও জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য থেকেই ইনস্টাগ্রামে ফিচারটি এনেছে মেটা।

চলতি বছরের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মেটা আইপ্যাডের জন্য আলাদাভাবে ইনস্টাগ্রাম অ্যাপ তৈরি করছে। এর পেছনে অন্যতম বড় কারণ, টিকটকের আইনি ও রাজনৈতিক ঝুঁকির মুখে পড়া।

রিলস ছাড়াও আইপ্যাডের ইনস্টাগ্রামে থাকবে অন্য ফিচারও। হোমপেজের ওপরে দেখা যাবে স্টোরিজ। ব্যবহারকারীরা ‘ফলোয়িং’ ট্যাবে গিয়ে ছবি ও অন্য কনটেন্ট দেখতে পারবেন। এখানে কনটেন্টগুলো ক্রমানুসারেও সাজানো থাকবে। বড় স্ক্রিনের কারণে আরো বেশি জায়গা ও কম ক্লিকে কাজ করা যাবে। রিলসের কমেন্টগুলো ভিডিওর পাশেই দেখা যাবে আর ডেস্কটপ মেসেঞ্জারের মতো ডিএম পেজে চ্যাটগুলোও পাশাপাশি দেখা যাবে।

মেটা জানিয়েছে, খুব শিগগিরই এ নতুন ইন্টারফেস অ্যান্ড্রয়েড ট্যাবলেটেও চালু করা হবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি আগেই জানিয়েছিলেন, আইপ্যাডে ইনস্টাগ্রাম চালু করার মতো বড় ব্যবহারকারী চাহিদা আগে ছিল না। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি বদলেছে। শিশু-কিশোরদের মধ্যে ট্যাবলেট ব্যবহারের প্রবণতা বেড়েছে। একই সঙ্গে টিকটকের ওপর নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ায় মেটার কাছে আইপ্যাড সংস্করণ চালু করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে রিলসকে শক্তিশালী করতে মেটা নানা পদক্ষেপ নিয়েছে। ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর জন্য রিপোস্ট ও ফাস্ট-ফরোয়ার্ড সুবিধা যুক্ত করা হয়েছে। এমনকি চলতি বছরের শুরুতে জনপ্রিয় টিকটক নির্মাতাদের ইনস্টাগ্রামে আনার চেষ্টাও করেছে প্রতিষ্ঠানটি।