ভিডিও গেমসের ব্যবসা পরিচালনা করা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি টেনসেন্ট হোল্ডিংস। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনা টেক জায়ান্টটির মুনাফা বেড়েছে ৮২ শতাংশ, যা প্রযুক্তি বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। নতুন ভিডিও গেম থেকে আয় ও এর বিজ্ঞাপন ব্যবসায় আরও ভালো পারফরম্যান্স এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি ৪ হাজার ৩০ কোটি ইউয়ান মুনাফা ও ১৬ হাজার ১৩০ কোটি ইউয়ান আয় করবে বলে প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪ হাজার ৭৬০ কোটি ইউয়ান বা ৬৬০ কোটি ইউএস ডলার। গত বছর এ সময় কোম্পানিটির মুনাফা হয়েছিল ২ হাজার ৬২০ কোটি ইউয়ান। এ প্রান্তিকে টেনসেন্টের মোট আয় হয়েছে ১৬ হাজার ১১০ কোটি ইউয়ান, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছিল ১৪ হাজার ৯০০ ইউয়ান।

টেনসেন্টের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও মা হুয়াটেং বলেছেন, ঘরোয়া গেম অর্থাৎ দেশে নির্মিত ও বিক্রি হওয়া গেম থেকে আয় আবার বাড়ছে, আর আন্তর্জাতিক গেমের আয় তারচেয়েও দ্রুত বাড়ছে। এ উন্নতির কারণ, তাদের কিছু জনপ্রিয় পুরোনো গেমসে যুক্ত হচ্ছেন অনেকে ও নতুন কিছু গেমস সফলভাবে বাজারে আসছে। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের প্ল্যাটফর্ম ও প্রযুক্তিতে বিশেষ করে এআইতে বিনিয়োগ চালিয়ে যাব। এর মাধ্যমে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে আরো উন্নতি করতে পারব ও ব্যবহারকারীদের প্রয়োজন আরও ভালোভাবে পূরণ করতে পারব।’

টেনসেন্টের আয়ের সবচেয়ে বড় ক্ষেত্র হলো ভিডিও গেম। এ বছর দ্বিতীয় প্রান্তিকে চীন ও আন্তর্জাতিক বাজারে গেমস থেকে আয় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। এর মধ্যে চীনে ভিডিও গেমস বিক্রি থেকে আয় হয়েছে ৩ হাজার ৪৬০ কোটি ইউয়ানে পৌঁছেছে আর চীনের বাইরে আয় হয়েছে এক হাজার ৩৯০ ইউয়ান। চলতি বছর মে মাসে ডানজন অ্যান্ড ফাইটার (ডিএনএফ) মোবাইল গেমের মুক্তির পর থেকে গেমিং ব্যবসায় আরোও অগ্রগতি দেখেছে কোম্পানিটি। প্রযুক্তি বিশ্লেষকরা জানান, গেমটি চীনে খুবই জনপ্রিয় হয়েছে। ডিএনএফ মোবাইল মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে গেমটি শুধু চীনে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ২৭ কোটি ডলার আয় করেছে। জুলাই মাসেও গেমটি ভালো পারফর্ম করেছে ও আইওএসের এটি চার্টে শীর্ষে ছিল। এ সাফল্যের ভিত্তিতে জেফরিজ নামের গবেষণা প্রতিষ্ঠান তাদের পূর্বাভাস হালনাগাদ করেছে। তারা ধারণা করছে, ২০২৪ সালে গেমটি ২ হাজার ৪০০ কোটি ইউয়ান আয় করবে, যা আগে ধরা হয়েছিল এক হাজার ৯০০ কোটি।

অন্যদিকে, অনলাইন বিজ্ঞাপন থেকে টেনসেন্টের আয় গত বছরের তুলনায় এ প্রান্তিকে বেড়েছে ১৯ শতাংশ। এ সাফল্যের অন্যতম কারণ, উইচ্যাটের ভিডিও অ্যাকাউন্ট ও টেনসেন্টের ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্ম। জুনের শেষ নাগাদ মূল ভূখণ্ড চীনসহ বিশ্বব্যাপী সক্রিয় উইচ্যাট ব্যবহারকারীর সংখ্যা ১৩৭ কোটিতে পৌঁছেছে।