ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে সুরক্ষায় নতুন একটি নিরাপত্তা ফিচার চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফিচারটির নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। নতুন এ মোড চালু করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। সম্প্রতি অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে বলে জানিয়েছে ফিচার ট্র্যাকার ওয়াবেটাইনফো। তবে স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস এখনো পরীক্ষাধীন, সাধারণ ব্যবহারকারীরা এটি এখনই ব্যবহার করতে পারবেন না। খবর গ্যাজেট থ্রিসিক্সটি।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেসব ব্যবহারকারী সাইবার হামলা বা লক্ষ্যভিত্তিক হ্যাকিংয়ের ঝুঁকিতে আছেন, তাদের জন্য ফিচারটি বিশেষভাবে উপকারী হবে। একবার চালু করলে আলাদাভাবে বিভিন্ন প্রাইভেসি সেটিংস পরিবর্তন করার প্রয়োজন হবে না। একটি টগলেই পুরো অ্যাকাউন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ হবে।

এছাড়া অপরিচিত নম্বর থেকে আসা ছবি, ভিডিও ও ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না। এতে ভাইরাস, ম্যালওয়্যার বা সন্দেহজনক লিংক ছড়ানোর ঝুঁকি কমবে। এ ধরনের নম্বর থেকে শুধু টেক্সট মেসেজ পাওয়া যাবে।

আরো একটি পরিবর্তন হতে পারে ‘লিংক প্রিভিউ’ বন্ধ রাখা। সাধারণত লিংকে ক্লিক না করলেও হোয়াটসঅ্যাপ ওই ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে প্রিভিউ তৈরি করে। এতে ব্যবহারকারীর আইপি ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। নতুন মোডে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। এছাড়া অপরিচিত নম্বরের কল স্বয়ংক্রিয়ভাবে নীরব রাখা, গ্রুপে কে নতুন সদস্য যুক্ত করবে তা সীমিত রেখে শুধু পরিচিত কন্টাক্টকে আমন্ত্রণ পাঠানোর সুযোগ দেয়া হবে। প্রোফাইল ছবি, স্ট্যাটাস ও লাস্ট সিন কেবল পরিচিতদের জন্য দৃশ্যমান থাকবে।

সবশেষে স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংসে টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলকভাবে চালু থাকবে। এতে অ্যাকাউন্টে প্রবেশের জন্য অতিরিক্ত পিন ব্যবহার হবে, যা অ্যাকাউন্ট চুরি বা হ্যাকের ঝুঁকি কমাবে।