চারটি ভাঁজযোগ্য প্যানেল ও তিনটি হিঞ্জযুক্ত নতুন ফোনের কনসেপ্ট প্রকাশ করেছে স্যামসাং। টেক জায়ান্টটির সম্প্রতি প্রকাশিত পেটেন্ট অ্যাপ্লিকেশন থেকে এ তথ্য জানা যায়। ফোনটি এমনভাবে ডিজাইন করা হবে, যেন এটি একাধিক ভাঁজের মাধ্যমে একটি বড় স্ক্রিন তৈরি করতে পারে। খবর গ্যাজেটস থ্রি সিক্সটি।

পেটেন্ট অনুযায়ী, স্যামসাং একটি ফোনের নকশা তৈরি করছে যেখানে চারটি ভাঁজযোগ্য প্যানেল থাকবে। তিনটি কব্জা (হিঞ্জ) ব্যবহার করে এ প্যানেলগুলো একে অন্যের সঙ্গে যুক্ত থাকবে। যখন ফোনটি খোলা হবে, তখন এটি একটি বড় ডিসপ্লে তৈরি করবে। যখন ভাঁজ করা হবে, তখন ডিভাইসটি মোটামুটি পুরু কিন্তু কম্প্যাক্ট আকারে পরিণত হবে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি এমন একটি স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ করছে, যা হুয়াওয়ের মেট এক্সটি আলটিমেট ট্রাই-ফোল্ড ফোনের মতোই উন্নত ও প্রতিযোগিতামূলক।

ডব্লিউআইপিওর ওয়েবসাইটে ‘বাঁকানো ডিসপ্লেসহ ইলেকট্রনিক ডিভাইস’ শিরোনামের প্রতিবেদনে স্যামসাং প্রকাশিত পেটেন্টটির বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারা বলছে, স্যামসাংয়ের এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে উন্নত ভাঁজযোগ্য ডিজাইনের ধারণা পাওয়া গেছে। স্যামসাং এর আগে ফোল্ডেবল ফোনের কয়েকটি প্রটোটাইপ প্রদর্শন করে। এমনকি একটি রোলেবল ডিসপ্লে (যা সহজে ঘোরানো বা প্রসারিত করা যায়) প্রদর্শন করেছে কোম্পানিটি। তবে নতুন ডিজাইনে আরো বড় প্যানেল তৈরি হবে। ফলে এটি ব্যবহারকারীদের জন্য আরো বেশি স্ক্রিন স্পেস দেবে।

স্যামসাং এখনো নিশ্চিতভাবে জানায়নি যে তারা নতুন পেটেন্টের ভিত্তিতে বাণিজ্যিকভাবে ডিভাইসটি বাজারে আনবে কিনা। অনেক সময় পেটেন্টের মাধ্যমে কোম্পানি শুধু নতুন ধারণা পরীক্ষা করে, কিন্তু সেটা সবসময় বাজারে আসে না।

প্রতিবেদন আরো বলছে, স্যামসাং এর আগে ২০২৩ সালে এমন একটি ফোনের প্রটোটাইপ দেখিয়েছিল, যেখানে ফোনটি ভেতরে ও বাইরে উভয় দিকেই ভাঁজ হতে পারবে। যদিও সে ডিজাইনের ডিভাইসটি এখনো বাজারে আসেনি। তবে সাম্প্রতিক একটি পেটেন্ট আবেদনে পাতলা ও ৩৬০ ডিগ্রি ভাঁজযোগ্য ফোনটি প্রদর্শন করেছে স্যামসাং, যার ভেতরের স্ক্রিনটি খোলা অবস্থায় একটি বড় ডিসপ্লে তৈরি করতে পারে।

সেই সঙ্গে ফোনের কভারকে ডিসপ্লে হিসেবে ব্যবহারের জন্য পেছনের দিকে ভাঁজ করা যায়।