টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেও কোনো চুক্তি না হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ জুনের সময়সীমা আবারো বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্কসংক্রান্ত উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করেন তিনি। খবর রয়টার্স।
ফ্লোরিডার মার-আ-লাগোতে শুক্রবার এক সাক্ষাৎকারে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি চাই চুক্তিটা সম্পন্ন হোক।’ সাক্ষাৎকারটি সম্প্রচার হয় রবিবার
টিকটক অ্যাপটি বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি মানুষের কাছে জনপ্রিয়। মার্কিন কংগ্রেসের এক আইনে বলা হয়েছিল, চীনা কোম্পানি বাইটড্যান্সকে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি করতে হবে, তা না হলে অ্যাপটি নিষিদ্ধ হবে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথমে সময়সীমা বাড়িয়ে এপ্রিল করেন, পরে তা ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়।
২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে টিকটকের ভূমিকা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘টিকটক খুবই আকর্ষণীয় একটি অ্যাপ। আর এটি সুরক্ষিত থাকবে।’
টিকটকের মার্কিন কার্যক্রমকে একটি নতুন, মার্কিন মালিকানাধীন কোম্পানিতে রূপান্তরের একটি পরিকল্পনা চলছিল। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করার পর চীন ওই চুক্তিতে সম্মতি দিতে অনীহা প্রকাশ করে। ফলে আলোচনা থেমে যায়।
ডেমোক্রেটিক সিনেটররা দাবি করছেন, ট্রাম্পের এই সময়সীমা বাড়ানোর কোনো আইনগত ক্ষমতা নেই। তাছাড়া আগের চুক্তির প্রস্তাব আইনগত মানদণ্ড পূরণ করে না।
বাইটড্যান্সের মার্কিন বিনিয়োগকারীদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এখনো চুক্তির কাজ চলছে। তবে তা সম্পন্ন করতে হলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক-সংক্রান্ত বিরোধ মেটাতে হবে।
ট্রাম্প জানিয়েছেন, চীন একটি সমঝোতায় আসতে আগ্রহী। তবে তিনি শুল্ক কমানোর ক্ষেত্রে এখনই কোনো ছাড় দিতে রাজি নন।









