তথ্য ফাঁসের অভিযোগে সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লো ওয়েই-জেনের বিরুদ্ধে মামলা করেছে তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি। প্রতিষ্ঠানটির দাবি, অবসর গ্রহণের পর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইন্টেলে যোগ দিয়ে সংবেদনশীল প্রযুক্তিগত তথ্যের ঝুঁকি তৈরি করেছেন তিনি। খবর নিক্কেই এশিয়া।

তাইওয়ানের রাজধানী তাইপের মেধাস্বত্ব ও বাণিজ্যিক আদালতে মঙ্গলবার এ বিষয়ে মামলা করে টিএসএমসি। এর আগে গত সপ্তাহেই তাইওয়ানের সরকারি প্রসিকিউটররা খতিয়ে দেখতে শুরু করেন, লো ওয়েই-জেনের টিএসএমসি ছেড়ে যাওয়া জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে কিনা।

টিএসএমসি জানিয়েছে, লো ওয়েই-জেন চলতি বছরের জুলাইয়ে অবসর নেন। অবসরের আগে বিদায়ী সাক্ষাৎকারে তিনি প্রধান আইনি পরামর্শক সিলভিয়া ফাংকে বলেন, তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন। এছাড়া তিনি তার স্বাক্ষরিত গোপনীয়তার চুক্তি ও নন-কম্পিট অ্যাগ্রিমেন্টের (চাকরি ছাড়ার পর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে কাজ না করার প্রতিশ্রুতি) শর্তাবলি সম্পর্কেও অবগত আছেন। তবে পরে টিএসএমসি জানতে পারে, অবসরের পর পরই তিনি ইন্টেলে নির্বাহী পদে যোগ দিয়েছেন।

টিএসএমসির দাবি, লো ওয়েই-জেন গবেষণা ও উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ বা ব্যবহার করে থাকতে পারেন। এসব তথ্য ইন্টেলের হাতে যাওয়ার ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে। এ কারণেই তারা আইনগত ব্যবস্থা নিয়েছে ও ক্ষতিপূরণ দাবি করেছে।